সিরাজগঞ্জে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এক মাসের মধ্যে প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগার চালু করা হবে
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, এক মাসের মধ্যেই সিরাজগঞ্জে আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগারের কার্যক্রম শুরু হবে। আর এক বছরের মধ্যে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালিত হবে। আজ শুক্রবার সকালে শহরের ধানবান্ধি এলাকায় অবস্থিত দীর্ঘকাল বন্ধ থাকা আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।এরপর তিনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত খামারি আকমল হোসেনকে অনুদানের চেক দেন।এ সময় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন, জেলা প্রশাসক হুমায়ুন কবীর, জেলা পশুসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৮১ সালে গবেষণাগারটি স্থাপন করা হয়। লোকবল না থাকায় ২০০২ সাল থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল।