এক মৌসুমেই লিওনার্দোর দায়িত্ব শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক মৌসুমেই এসি মিলানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে কোচ লিওনার্দোর। ব্রাজিলের সাবেক এই ফুটবলার নিজেই গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছেন, এসি মিলান ছেড়ে চলে যাচ্ছেন তিনি। গত মৌসুমের শেষে আনচেলেত্তি মিলান ছেড়ে চেলসিতে যোগ দিলে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব পান ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনার্দো। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবের সঙ্গে লিওনার্দোর বনিবনা হচ্ছিল না। কোচের পারফরম্যান্সে নাখোশ ছিলেন ক্লাবের মালিক ও ইতালির কোচ সিলভিও বার্লোসকুনি। দলের সদস্যের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। কয়েক দিন আগে এসি মিলানের সঙ্গে দায়িত্ব পালনে নিজের অস্বস্তির কথা মিডিয়ায় প্রকাশ করেছিলেন লিওনার্দো। এর পরই আলোচনার মাধ্যমে এখানেই লিওনার্দো-এসি মিলান সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত হয়।গতকাল সংবাদ সম্মেলন করে লিওনার্দো বলেন, ‘ক্লাবের সঙ্গে আমার সমঝোতা হয়েছে। মিলানের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে ফিরে যাচ্ছি আমি।’ এখনো নিজের ভবিষ্যত্ নিয়ে ভাবছেন না জানিয়ে লিওনার্দো বলছেন, ‘কোচ হিসেবে দায়িত্ব পালন করা অসাধারণ একটা অভিজ্ঞতা। আবারও হয়তো এ দায়িত্ব নেব আমি। তবে আগামী কয়েক বছর অন্তত পরিবারকে সময় দেব।’লিওনার্দোর বিদায়ের পর নতুন কোচ কে হচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তবে মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি জানিয়েছেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রয়টার্সকে তিনি বলেন, ‘এখনো মিলান কারও সঙ্গে যোগাযোগ করেনি। এটা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নয়। নতুন কাউকে আনার জন্য আমরা যথেষ্ট সময় নেব।’