রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় এক যুগ ধরে সমাবর্তন হয় না। গত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমল থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন আয়োজনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। নিয়ম অনুযায়ী প্রতিবছর সমাবর্তন হওয়ার কথা থাকলেও এক যুগ ধরে তা না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ইতিমধ্যে পাস করা অনেক শিক্ষার্থী। তাঁরা অবিলম্বে সমাবর্তন অনুষ্ঠানের দাবি জানান।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৫৭ বার সমাবর্তন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত সমাবর্তন হয়েছে মাত্র সাতবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ২৯ নভেম্বর। এরপর আর কোনো সমাবর্তন হয়নি।নৃবিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী আরাফাত কবির, নাছির উদ্দিন; সমাজকর্ম বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী ফরহাদ আহমেদ, কাজী ওয়াজির হায়দার, আল মামুন সরকারসহ আরও অনেক শিক্ষার্থী সমাবর্তন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাবর্তন না হওয়ায় যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যেতে চান, তাঁরা পড়েন চরম বিড়ম্বনায়। কারণ বাইরের দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান মূল সনদ দেখতে চায়।বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিবছর সমাবর্তন হলে প্রতিটি বিভাগকে নির্দিষ্ট সময় ক্লাস ও পরীক্ষা শেষ করতে হতো। কিন্তু সমাবর্তন না হওয়ায় বিভাগগুলো যথাসময় শিক্ষাবর্ষ অনুযায়ী একাডেমিক কার্যক্রম শেষ করে না। ফলে শিক্ষার্থীদের পাঁচ বছরের শিক্ষাজীবন শেষ করতে সময় লেগে যায় সাত থেকে আট বছর। আর এভাবেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সেশনজট বাড়ে।বর্তমান উপাচার্য এম আবদুস সোবহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমাবর্তনের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা স্বীকার করেন। তিনি জানান, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন করার ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।