এক যুগ পর জমির ক্ষতিপূরণের চেক পেলেন আবুল কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর ক্ষতিপূরণের টাকার চেক পেলেন কৃষক আবুল কালাম। চেক হাতে পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। বগুড়া জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের সহযোগিতায় আবুল কালাম চেকটি পেলেন। জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার হাজীপাড়া গ্রামের মরহুম আবদুল আজিজের পুত্র কৃষক আবুল কালাম। ১২ বছর আগে শেরপুর উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের জন্য আবুল কালামের জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা তিনি পাননি। এই ১২ বছরের ক্ষতিপূরণের টাকা নেওয়ার জন্য তিনি বগুড়া জেলা প্রশাসনে এসেছেন কমপক্ষে এক হাজার বার। কিন্তু তাঁকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়নি। বিষয়টি বর্তমানে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মাদ মুনীর চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি এই চেক পরিশোধের ব্যবস্থা নেন। গত ২৫ মার্চ মুনীর চৌধুরী কৃষক আবুল কালামের হাতে জমির ক্ষতিপূরণ বাবদ ৯০ হাজার ৪২৬ টাকার একটি চেক দেন। চেকটি পেয়ে কৃষক আবুল কালাম বলেন, এই চেকের জন্য ডিসি অফিসে কতবার এসেছি। বাস, টেম্পো, রিকশা ভাড়া করে এসে ঘুরে গেছি, টাকা পাইনি। এই ১২ বছরে ২০/২৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। তাঁর পিতা এই টাকা তোলার জন্য সাত বছর ধরে ঘুরেছেন। টাকা তুলতে না পেরে তিনি দেড় বছর আগে মারা গেছেন। আবুল কালাম বলেন, শুধু ঘুষের টাকা না দেওয়ার জন্য তাঁকে টাকা দেওয়া হয়নি। নতুন যে অফিসার আছেন তিনিই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আবুল কালামকে যাঁরা এত দিন ধরে হয়রানি করেছেন, তাঁদের কেউ এখন এখানে নেই। কেউ অবসরে গেছেন, আবার কেউ অন্যত্র চলে গেছেন। এটি একটি দুঃখজনক ঘটনা যে তিনি ১২ বছর ধরে ঘুরছিলেন। তিনি বলেন, আবুল কালামের মতো এ রকম অসংখ্য নিরীহ ভূমি মালিকের ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘ জটিলতা, হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটানো হয়েছে। গত এক বছরে পাঁচ শতাধিক ভূমি মালিকের হাতে প্রায় ছয় কোটি টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে।