এক যুগ পর নবাবগঞ্জ সরকারি কলেজে নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ১০ নভেম্বর মঞ্চস্থ হলো নাটক। কলেজের সম্মান শ্রেণীর বাংলা বিভাগের শিক্ষার্থীরা ‘মহুয়া সুন্দরীর প্রেম’ নামের নাটকটি পরিবেশন করেন। ড. দীনেশ চন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহের গীতিকার মহুয়ার পালা থেকে নেওয়া কাহিনির নাট্যরূপ দেন ও পরিচালনা করেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাহিদুল হক। ব্যবস্থাপনায় ছিলেন একই বর্ষের ছাত্র আবদুল বাসির। অভিনয়ে ছিলেন প্রীতি সাহা, মো. রাসেল, নাহিদুল হক, আবদুল কাদের, আবদুল বাসির, রহিম, ফেরদৌসী, হামিদুর কাইয়ুম, মোয়াজ্জেম আফসানা, নাসিরুল, গোলাপ সাগর ও মুন্নি। কলেজের বাংলা বিভাগের প্রধান মাযহারুল ইসলাম বলেন, ‘আমিও এই কলেজের ছা্ত্র ছিলাম। সেই কবে কলেজে নাটক মঞ্চস্থ হয়েছে মনে নেই। তবে এক যুগেরও বেশি সময় থেকে এ কলেজে নাটক হয়নি—এটা জোর দিয়ে বলতে পারি। নাটক মঞ্চস্থ না হওয়ার বন্ধ্যাত্ব ঘোচাল বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এতে আমি দারুণ খুশি। এখন থেকে যেন নিয়মিত নাটক মঞ্চস্থ হয়, সেই চেষ্টা করব।’