আজ ২৩ এপ্রিল। ঠিক ১২ বছর আগে এই দিনে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় শাজনীন তাসনিম রহমান। ১৫ বছর বয়সী শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।এক যুগ আগে ওই ঘটনায় শাজনীনের পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। তবে এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা আদালতে উপযুক্ত শাস্তি পাবে—এটাই শুধু তার পরিবারের প্রত্যাশা।এক যুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি শাজনীন হত্যার বিচার। আপিল বিভাগ গত বছর আসামিদের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। ফলে দণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে আছে।পেরিয়ে গেল এক যুগ: ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় শাজনীনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। চার বছর পর ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাজী রহমতউল্লাহ শাজনীন ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার জন্য তাদের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। বাকি পাঁচ আসামি হলেন গৃহভৃত্য শহীদুল ইসলাম শহীদ, হাসানের সহকারী বাদল এবং গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন মিনু ও পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল।তিন বছর পর ২০০৬ সালের ১০ জুলাই এক রায়ে হাইকোর্টের একটি মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ বেঞ্চ (ডেথ রেফারেন্স) নিম্ন আদালতে ফাঁসির আদেশ পাওয়া হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনসহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন। তবে একই দণ্ডপ্রাপ্ত শনিরামকে বেকসুর খালাস দেওয়া হয়।হাইকোর্টের রায়ের তিন বছর পর ২০০৯ সালের ২৬ এপ্রিল দণ্ডপ্রাপ্ত চার আসামির লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ওই চার আসামি হচ্ছেন মইনুদ্দিন হাসান, বাদল এবং গৃহপরিচারিকা দুই বোন মিনু ও পারভীন। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল আপিল অনুমতির আবেদন না করায় ওই দিন তিনি আপিলের অনুমতি পাননি।আজ ২৩ এপ্রিল: প্রতিবছর এই দিনটিতে শাজনীনের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় বাদ আসর শাজনীনের স্মরণে তার বাবা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসভবনে [বাড়ি-এন, ই (জে) ৪, সড়ক-৮৩, গুলশান-২] মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য শাজনীনের বাবা লতিফুর রহমান ও মা শাহনাজ রহমানসহ পরিবারের অন্য সদস্যরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানিয়েছেন।