মোল্লার আবেদন খারিজ, দুদকের মামলাটি বৈধ
এক রায়ে ৫০৯টি দুর্নীতির মামলার জট খুলতে পারে
আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে জরুরি অবস্থার সময় দায়ের করা দুর্নীতির মামলাটি বৈধ। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোল্লার আপিল খারিজ করে দেন।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ রায়কে মাইলফলক হিসেবে মন্তব্য করে বলেছেন, এ রায়ের মাধ্যমে অন্তত পাঁচটি আইনি প্রশ্নের নিষ্পত্তি হলো। তাঁর মতে, বর্তমানে হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় থাকা ৫০৯টি মামলার দীর্ঘদিনের জট খুলতে পারে এবং পরোক্ষভাবে আরও প্রায় ৬০০ মামলায় দুদক আইনি লড়াইয়ে আনুকূল্য পাবে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ উল্লেখযোগ্যসংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তির মামলা রয়েছে।মন্তব্য চাওয়া হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘দুর্নীতিবিরোধী অভিযানকে বেগবান করতে আপিল বিভাগের এই রায় আমাদের আশাবাদী করে তুলেছে। এখন আমরা আরও একটি নিবেদন রাখতে চাই। সেটি হলো, সুপ্রিম কোর্ট গতকালের রায়ে আইনগত যেসব প্রশ্ন সুরাহা করলেন, সেসব আইনের প্রশ্নে বিপুলসংখ্যক মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এখন এসব মামলার ক্ষেত্রে আপিল বিভাগের রায় যাতে প্রযোজ্য হয় এবং মামলাগুলো যাতে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়।’রায়ের প্রভাব কীভাবে পড়বে: সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা আছে, আপিল বিভাগের রায় হাইকোর্ট বিভাগের ওপর অবশ্যপালনীয় বলে গণ্য হবে। আপিল বিভাগের কিছু মাইলফলক রায় রয়েছে, যার আলোকে হাইকোর্টে বিচারাধীন মামলার ওপর তাত্ক্ষণিক প্রভাব পড়ার কথা। কিন্তু অনেক সময় তা পড়ে না। এমনকি আপিল বিভাগ দ্বারা নির্দিষ্ট আইনি প্রশ্নের ফয়সালা দেওয়ার পরও তার ব্যত্যয় ঘটতে দেখা যায়। অনেক দণ্ডিত পলাতক আসামি বিচারিক আদালতে আত্মসমর্পণ করছেন না। এখন বড় প্রশ্ন হলো, আপিল বিভাগের রায়ের ফলে শুধু কি হাবিবুর রহমান মোল্লার মামলাটির কার্যক্রম বিচারিক আদালতে চালু হবে? নাকি আইনের অভিন্ন প্রশ্নে দুদকের মামলার ওপর ঝুলতে থাকা স্থগিতাদেশগুলো উঠে যাবে? আর তখন বিপুলসংখ্যক দুর্নীতির মামলার বিচারকাজ একযোগে চলতে দেখা যাবে?এ বিষয়ে জানতে চাওয়া হলে দুদকের আইনজীবী আনিসুল হক বলেন, ‘দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন রেখেছেন। তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নিয়ম আছে। এখন আপিল বিভাগের রায় স্বয়ংক্রিয়ভাবেই হাইকোর্টে কার্যকর হবে। তবে তা একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। সেটি হলো, এখন দুদকের আইনজীবী হাইকোর্ট বিভাগের কাছে সংশ্লিষ্ট মামলাগুলো উল্লেখ করবেন। আবেদনের সঙ্গে আপিল বিভাগের রায়ের অনুলিপি পেশ করবেন। তখন হাইকোর্ট সিদ্ধান্ত দেবেন। তাঁরা স্থগিতাদেশ রদ করবেন।’ প্রতিটি মামলার জন্য পৃথকভাবে আপিল বিভাগের রায়ের অনুলিপি প্রদর্শন করতে হলে ৫০০ মামলার জন্য কত সময় লাগবে? জবাবে আনিসুল হক বলেন, ‘প্রচলিত নিয়মেই এর সুরাহা রয়েছে। দুদকের আইনজীবীরা এখন আইনের অভিন্ন প্রশ্নসংবলিত মামলাগুলো (রিট ও ফৌজদারি বিবিধ) খুঁজে বের করতে পারেন। এ জন্য একটি তালিকা হবে এবং হাইকোর্টের কোনো বেঞ্চে তা একই সঙ্গে শুনানির জন্য পেশ করা যেতে পারে। এ রকম ক্ষেত্রে হাইকোর্ট যথাযথ প্রতিকার দিয়েছেন বলে নজির রয়েছে।এই মামলায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘এমন রেওয়াজ ও নজির রয়েছে। এই রায় আমাদের বড় অর্জন। রায়ের অনুলিপি পেলে আমরা হাইকোর্টে বিচারাধীন মামলাগুলো দ্রুত সুরাহার জন্য আবেদন করব।’পাঁচ প্রশ্নের ফয়সালা: জরুরি অবস্থায় ২০০৪ সালের আইনের আওতায় দুদক মোট ২০৩টি দুর্নীতির মামলা করে। এর মধ্যে ঢাকায় ১২৯টি ও অন্য জেলায় ৭৪টি। এর অধিকাংশই অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনসংক্রান্ত মামলা। ওই সময় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিরা বিচারের মুখোমুখি হতে দারুণ অনাগ্রহ দেখান। বিচারিক আদালতে যাতে মামলা না চলে, সে জন্য তাঁরা হাইকোর্টে আসেন। প্রায় প্রত্যেকেই আইনের অভিন্ন প্রশ্ন তোলেন।প্রথমত, মামলা দায়েরে দুদকের অনুমোদন ঠিকমতো হয়নি। ভালোমতো মনোযোগ দেওয়া হয়নি। তিনজনের পরিবর্তে একজন কমিশনার সই দেন। তাই অনুমোদন শুদ্ধ হয়নি। দ্বিতীয়ত, এফআইআর দায়েরে, তদন্তকালে ও মামলা আদালতের আমলে নেওয়ার প্রতিটি ধাপে পৃথকভাবে দুদককে অনুমোদন দিতে হবে। কিন্তু দুদক প্রতিটি মামলায় একবার অনুমোদন দেওয়ার নিয়ম অনুসরণ করে। তৃতীয় আপত্তি, দুদক আইন হয়েছে ২০০৪ সালে। কিন্তু সম্পদের হিসাব মূল্যায়নে ’৭২ থেকে বিদ্যমান সময় বিবেচনায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রশ্নে মোল্লার মামলায় আপিলের অনুমতি মঞ্জুর হয়েছিল। চতুর্থত, সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে অনুসন্ধান ও ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা দুদকের জন্য বাধ্যতামূলক। কোনো কারণে এই সময় পেরিয়ে গেলে মামলার কার্যক্রম বেআইনি হবে। পঞ্চমত, ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে না পারলে মামলা বাতিল বলে গণ্য হবে। হাইকোর্টের রায়ে এসব যুক্তিই অগ্রাহ্য হয়েছিল।গতকাল আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দেন। বেঞ্চের তিন বিচারক হলেন বিচারপতি মো. আবদুল মতিন, বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এস কে সিনহা। আদালতে মোল্লার পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও আজমালুল হোসেন কিউসি।পেছনের কথা: ঢাকার সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুই কোটি ৩২ হাজার ৫৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়। ২০০৭ সালের অক্টোবরে দুদকের দায়ের করা মামলা যাতে না চলতে পারে, সে জন্য তিনি মোটামুটি ওই ধরনের প্রশ্নই তোলেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলতে পারে কি না, সেই প্রশ্ন ফয়সালায় দুই বছরের বেশি সময় লাগল। তিনি ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় তাঁর মামলা বাতিলের (কোয়াশমেন্ট) আবেদন করেছিলেন। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মোল্লার মামলা স্থগিত করেন।প্রথম আলোর অনুসন্ধান: ২০০৭-০৮ সালে বিচারিক আদালতে দায়ের করা দুদকের ওই ২০৩টি মামলা থেকে হাইকোর্টে মোট এক হাজার ৯৯টি মামলার উৎপত্তি ঘটে। এর মধ্যে রিট ৬২৭টি ও ফৌজদারি বিবিধ মামলা ৪৭২টি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারার আওতায় দুর্নীতির মামলায় অভিযুক্তদের অধিকাংশই সরাসরি তাঁদের মামলা বাতিলের আবেদন করেন। অধিকাংশ মামলায় প্রায় একই ধরনের আইনি প্রশ্ন তোলা হয়।২০০৮ সালে শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৪০০ মামলা স্থগিত করেন হাইকোর্ট। প্রায় সবগুলো মামলার ক্ষেত্রেই অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র অনুমোদন সঠিক নয় বলে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন সঠিক সময়ে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে মামলাগুলো একের পর এক স্থগিত করে দেন। মামলা কেন বাতিল করা হবে না, তা জানার জন্যও রুল জারি হয়। অধিকাংশ রুল প্রায় দুই বছর ধরে শুনানির অপেক্ষায় আছে।২০ নভেম্বর ২০০৮ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুদকের পক্ষে ওই সব প্রশ্নের ফয়সালা করে দুদকের পক্ষে রায় দেন। কিন্তু সেই রায় দুর্নীতির মামলার বিচার অনুষ্ঠানে প্রত্যাশিত গতি সঞ্চার করতে পারেনি। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর সাংসদ হাবিবুর রহমান মোল্লা বরং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সহযোগিতা লাভ করেছিলেন। তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। আপিল বিভাগ ২৫ জানুয়ারি ২০০৯ তা মঞ্জুর করেছিলেন। এবং হাইকোর্টের রায় ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। তাঁকে ছয় মাসের জন্য জামিন দেওয়া হয়, যা পর্যায়ক্রমে বাড়ানো হয়। ৩৬৮ দিন পর আপিল বিভাগ গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন।ওয়াকিবহাল সূত্রগুলো বলছে, এর ফলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ, গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া মামলা চালাতে দুদকের অবস্থান শক্ত হলো। নাইকো মামলাতেও দুদকের অনুমোদনের বৈধতার প্রশ্ন অন্যতম। সম্প্রতি হাইকোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাইকো মামলা থেকে অব্যাহিত দিয়েছেন। দুদকের মামলা বাতিল করেছেন। গতকালের রায়ের ফলে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়েরে দুদকের অবস্থান সংহত হলো। বর্তমানে হাইকোর্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলার শুনানি চলছে। সেখানেও দুদকের অনুমোদনের বৈধতার প্রশ্ন আছে।