এক লাখ টনের বেশিধান মজুদ রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকল মালিকেরা এক লাখ টনের বেশি ধান মজুদ রাখতে পারবেন না। চালকলগুলোতে অতিরিক্ত ধান মজুদ রাখায় চালের দর বেড়েছে বলে সরকার মনে করছে। এ কারণেই অতিরিক্ত মজুদ বাজারে ছেড়ে দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ ব্যাপারে চিঠি দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত একটি চিঠি তারা তৈরি করেছে। চিঠিতে এক লাখ টনের বেশি ধান মজুদ রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।জানতে চাইলে অতিরিক্ত বাণিজ্যসচিব ও দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটির আহ্বায়ক মোস্তফা মহিউদ্দিন প্রথম আলোকে জানান, কমিটির গত সোমবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা, তাঁদের কাছে তথ্য রয়েছে, উত্তরবঙ্গের অনেক চালকলে অতিরিক্ত ধান-চাল মজুদ রয়েছে। জেলা প্রশাসকদের বলা হবে এই ধান যাতে শিগগির বাজারে চলে আসে সেই ব্যবস্থা গ্রহণ করতে।তবে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। কেননা, যখন মজুদ করে চালের দাম বাড়ানো হচ্ছিল, সে সময় তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু মার্চে সাধারণত সবাই মজুদ ছেড়ে দেন। কারণ এপ্রিলেই নতুন বোরো চাল বাজারে আসে। ফলে এ সিদ্ধান্ত তেমন কাজে আসবে না।বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব প্রথম আলোকে বলেন, মার্চের দিকে মিলমালিকেরা ধান আর ধরে রাখেন না। এত বোকা নন তাঁরা। কারণ এপ্রিলে যে বোরো ধান ওঠে, তা সবারই জানা। সরকারের এমন সিদ্ধান্ত অহেতুক ভীতি তৈরি করবে বলে মনে করেন তিনি।উত্তম কুমার দেব বলেন, এক কোটি ৯০ লাখ টন বোরো উত্পাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সরকারের নানামুখী উদ্যোগে তা এবার পূরণ হতে পারে। সরকারের উচিত হবে এমন প্রচারণা চালানো যে বোরোর ভালো ফলন হচ্ছে; তাতে স্বাভাবিক কারণেই চালের দাম কমে আসবে।কুষ্টিয়ার চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ছোট আকারের ৭৫ শতাংশ চালকল বন্ধ রয়েছে। বৈশাখে নতুন চাল উঠবে বলে বড় মিলমালিকেরা চাল ছেড়ে দিচ্ছেন। ওএমএসের কারণে কমছে মোটা চালের দাম। এমন সময়ে অতিরিক্ত ধান ছেড়ে দেওয়ার কথা বলার দরকার নেই; মিলমালিকেরা এমনিতেই ছেড়ে দিচ্ছেন।সূত্র জানায়, চালসহ নিত্য-প্রয়োজনীয় পণ্যমূল্যের ওপর একটি প্রতিবেদন তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দেশে চালের সরবরাহে কোনো ঘাটতি নেই। তার পরও বাজারে চালের দর বাড়তি। গত ২০০৮-০৯ ও চলতি ২০০৯-১০ অর্থবছরের চাহিদার তুলনায় বাংলাদেশে যে পরিমাণ চাল উত্পাদিত হয়েছে, তাতে বাংলাদেশ বরং চাল রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, দেশে চালের মোট চাহিদা দুই কোটি ৩২ লাখ ছয় হাজার ৬২৭ টন। আর গত বছর চাল উত্পাদিত হয়েছে দুই কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৩৪৮ টন। অর্থাত্ চাহিদার তুলনায় ৪৫ লাখ আট হাজার ৭২১ টন অতিরিক্ত চাল উত্পাদিত হয়েছে। ২০০১ সালের সর্বশেষ আদমশুমারি ও জনসংখ্যা বৃদ্ধির হারের ওপর ভিত্তি করে বিবিএস দেশের জনসংখ্যা ১৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ধরে নিয়ে এ হিসাব করেছে।এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, গত বছর চাল উত্পাদিত হয়েছে তিন কোটি দুই লাখ ৮৩ হাজার টন। সে হিসাবে অতিরিক্ত চাল উত্পাদিত হয়েছে ৭০ লাখ ৭৬ হাজার ৩৭৩ টন।সংস্থা দুটি সম্প্রতি এসব হিসাব ও তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করেছে। সূত্র জানায়, দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটিতে এসব বিষয়ে আলোচনা হয়েছে। উভয় সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশ যেখানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে সামর্থ্য লাভ করেছে, সেখানে উল্টো গত অর্থবছরে পাঁচ লাখ ২৫ হাজার টন চাল কেন আমদানি করতে হয়েছে, তা বোধগম্য নয়।বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম এবং কৃষকদের জন্য উপকরণ-সহায়তা কার্ড চালুর ফলে বাজারে চালের দর স্বাভাবিক হয়ে এসেছে। তবে মিলমালিকেরা যে অতিরিক্ত ধান মজুদ করে রেখেছেন, তা বাজারে ছেড়ে দিলে চালের মূল্য আরও কমে আসবে। এই প্রতিবেদন মেনেই বাণিজ্য মন্ত্রণালয় মজুদ ধান ছেড়ে দেওয়ার জন্য চিঠি দিচ্ছে বলে জানা গেছে। এর আগে সরকারের বিভিন্ন সংস্থা দেশের বড় বড় চালকলের মজুদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনও দেয়। তাতে ধান-চাল মজুদ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে চালের দর কমে এলেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে গতকালও উন্নত মানের নাজিরশাইল বা মিনিকেট চাল বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, অথচ এক বছর আগে দর ছিল ৩৫ থেকে ৩৭ টাকা। এ চালের বার্ষিক দর বাড়ার হার ১৮ দশমিক ০৬ শতাংশ। আর সাধারণ মানের মিনিকেট বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা দরে, এক বছর আগের দর ছিল ২৮ থেকে ৩৫ টাকা। বছরে বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ। মিনিকেটের মতো পাইজাম বা লতারও দুটি ধরন রয়েছে। এর মধ্যে উন্নত মানেরটির গতকালের দর ছিল ৩৫ থেকে ৩৭ টাকা, এক বছর আগে ছিল ২৮ থেকে ৩০ টাকা। বৃদ্ধির হার ২৪ দশমিক ১৪ শতাংশ। আর সাধারণ মানেরটির দর গতকাল ছিল ৩২ থেকে ৩৫ টাকা, এক বছর আগের দর ২৭ থেকে ২৯ টাকা। বৃদ্ধির হার ১৯ দশমিক ৬৪ শতাংশ।স্বর্ণা ইরি বা মোটা চাল বিক্রি হয়েছে গতকাল ২৫ থেকে ২৮ টাকা কেজি, যা এক বছর আগে ছিল ২১ থেকে ২৪ টাকা। বৃদ্ধির হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।