এক লাখ টাকার হদিস নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ছাগল পালন কর্মসূচি হিসেবে পরিচিত দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন কর্মসূচির এক লাখ টাকার হদিস নেই। রাজশাহীর বাগমারার কথিত দরিদ্র জনগণের কাছে এ পরিমাণ টাকা পড়ে আছে। কর্তৃপক্ষ টাকা উত্তোলনের চেষ্টা করেও পারছে না। উপজেলা পশুসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বিগত চারদলীয় সরকারের আমলে দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়। দেশব্যাপী কর্মসূচিটি তারেক জিয়ার ছাগল পালন কর্মসূচি হিসেবে পরিচিত ছিল সে সময়। এ কর্মসূচির অধীনে ২০০৩-০৪ অর্থবছরে উপজেলার মোট ১১২ জনের তালিকা করে তিন দফায় মোট তিন লাখ ২৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করে ঋণ দেওয়ার বিধান থাকলেও সে সময় বিএনপির নেতারা তালিকা তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘এ ধরনের তালিকা করেছি বলে মনে পড়ছে না।’ ছাগল পালনের জন্য প্রকল্প থেকে ঋণ দেওয়া হলেও সিংহভাগ ঋণপ্রাপ্তরা তা করেনি। ছয় মাস পরপর ঋণের কিস্তি পরিশোধের কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঋণ পরিশোধের সময় কয়েক বছর আগে শেষ হলেও তাকে শেষ ঘোষণা করা হয়নি। এ পর্যন্ত দুই লাখ ১৩ হাজার ৭২০ টাকা আদায় হলেও এখনো এক লাখ ১১ হাজার ২৮০ টাকার হদিস নেই। খোঁজ নিয়ে জানা যায়, ঋণ নেওয়ার পর থেকে তাদের অনেকে কোনো কিস্তি দেয়নি। অনেকে দু-এক কিস্তি দিয়ে বসে আছে। তাদের ধারণা, তারেক রহমান তাদের টাকা দিয়েছেন। এ টাকা আর পরিশোধ করতে হবে না। উপজেলার বড়বিহানালী গ্রামের জিন্নাতুননেসা বলেন, তারেক রহমান তাঁদের টাকা দিয়েছেন। এ টাকা কেন ফেরত দেবেন? এ টাকা আর ফেরত দিতে হবে না বলে সে সময় তাঁদের বলা হয়েছিল। কিস্তি পরিশোধ করতে হবে জানলে তাঁরা টাকা নিতেন না বলে জানিয়েছেন জিন্নাতুননেসা। তিনি পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে কোনো কিস্তি দেননি। তাঁর মতো একই গ্রামের আব্দুর রাজ্জাক, কুলিবাড়ির সোনাভান, আচিনঘাটের মোস্তাফিজুর রহমান, মোহনপুরের আব্দুল হামিদসহ আরও অনেকে কোনো কিস্তি দেননি। তাঁদের সবার বক্তব্য প্রায় একই রকম। উপজেলা পশুসম্পদ দপ্তরের ভেটেরেনারি সার্জন সুভাষচন্দ্র পণ্ডিত জানান, ঋণখেলাপিদের বাড়িতে গিয়েও তাদের সচেতন করা যায় না। টাকা না দিতে বিভিন্নভাবে টালবাহানা করে তারা। তাদের কাছ থেকে টাকা আদায় করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। সুভাষচন্দ্র বলেন, ঋণখেলাপিদের একাধিকবার ঋণ পরিশোধের জন্য নোটিশ দেওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। টাকা ওঠানোর জন্য তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ঋণ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নির্দেশ নেই। নির্দেশ এলে ব্যবস্থা নেওয়া হবে।