এক লিটারে ৩০ কিমি পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট ইঞ্জিনের একটি গাড়ি। তবে অল্প জ্বালানিতে যাবে অনেক দূর। এ ধরনের একটি গাড়ি আনছে ভারতের সবচেয়ে বড় গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান মারুতি-সুজুকি।যত তাড়াতাড়ি সম্ভব বাজারে আনতে মাত্র দুই সিলিন্ডারবিশিষ্ট ৮০০ সিসি ডিজেল ইঞ্জিন তৈরির কাজ জোরেশোরে এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা আশা করছেন, ছোট গাড়ির দুনিয়ার প্রচলিত হিসাব-নিকাশ পাল্টে দিয়ে মাত্র এক লিটার ডিজেলে ওই গাড়ি পাড়ি দেবে ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ। জাপানের সুজুকি মোটর করপোরেশনের সঙ্গে এই জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের তিন শীর্ষ কর্তাব্যক্তির বরাত দিয়ে ভারতের ইকোনমিক টাইমস আজ সোমবার এক খবরে এ কথা জানিয়েছে।ইকোনমিক টাইমস জানায়, ই-২ নামের ওই বিশেষ ইঞ্জিন তৈরির কাজে নেতৃত্ব দিচ্ছে সুজুকি। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এরই মধ্যে জাপানে ইঞ্জিনটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরিবেশে খাপ-খাইয়ে নিতে প্রকল্পের কাজ ছয় থেকে ১২ মাসের জন্য দেশটিতে স্থানান্তরিত হবে। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ২০১৫ সালের মধ্যে ভারতের বাজারে নামবে এই গাড়ি। প্রকল্পের সঙ্গে জড়িত দায়িত্বশীল একটি সূত্র জানায়, ইঞ্জিন তৈরির কাজটি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা এতে ঢেলে দিতে হবে। ইঞ্জিনটি প্রস্তুত হতে কয়েক বছর সময় লাগতে পারে। মোটরশিল্প পর্যবেক্ষকেরা বলছেন, মারুতি-সুজুকি কোম্পানি ৮০০ সিসি এই ডিজেল ইঞ্জিনের প্রয়োজনীয় সব চাহিদা মেটাতে পারলে বাজারে এটি ব্যাপক সাড়া ফেলবে। কিছুদিন আগে এরতিগা মডেলের নতুন গাড়ি উদ্বোধনের সময় মারুতি-সুজুকির ব্যবস্থাপনা পরিচালক এস নাকানিশি ইকোনমিক টাইমসকে বলেন, ‘ছোট্ট একটি ডিজেল ইঞ্জিনের স্বপ্ন দেখছি আমি।’ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে এ ধরনের ইঞ্জিন তৈরি করা খুব সম্ভব। কিন্তু, সঠিক দামে ইঞ্জিনটি পাওয়া যাবে কি না, সেটাই আসল। নাম প্রকাশে অনিচ্ছুক গাড়ির ইঞ্জিন বিষয়ে এক বিশেষজ্ঞ বলেন, ছোট্ট ইঞ্জিন তৈরি করা খুব কঠিন। তৈরি করা গেলেও সেটা ঠিকমতো সেবা দিতে পারবে কি না, তা বলা মুশকিল। তিনি বলেন, চার সিলিন্ডারের ডিজেল ইঞ্জিনকে তিন সিলিন্ডারে রূপ দেওয়া কঠিন। আর এটাকে দুই সিলিন্ডারে পরিণত করা আরও কঠিন। প্রত্যাশিত শক্তি, দক্ষতা ও দূরত্ব পাড়ি দেওয়াটা তো বাদই থাকল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত দামে গাড়িটা পাওয়া যাবে।