বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকসংলগ্ন ফুটপাতে হারুন শিকদার ক্রেতাদের বোঝাচ্ছিলেন—দেখতে পুরোনো মনে হলেও আসলে পুরোনো নয়। অনেক দিন গুদামে পড়ে ছিল, তাই একটু মলিন দেখাচ্ছে। কিন্তু পাঞ্জাবিগুলো আসলেই নতুন। তারপর সুরে-ছন্দে হাঁকডাক, ‘বাইছ্যা লন এক শ, দেইখ্যা লন এক শ’। সম্ভবত এখানেই ঢাকা শহরে এবার সবচেয়ে কম দামে পাওয়া যাবে ঈদের পাঞ্জাবি।১০০ টাকায় পাওয়া যাবে বটে, তবে কিনতে হবে একটু দেখেশুনে। ব্যবহূত অর্থে পুরোনো না হলেও বয়সের দিক থেকে পাঞ্জাবিগুলো পুরোনোই। প্রস্তুতকারকদের গুদামে পড়ে ছিল অনেক দিন। কোনোটিতে হয়তো একটু কাটাকুটি আছে, কিংবা বোতাম নেই একটি দুটি অথবা কোথাও দাগ আছে একটু। এ কারণেই স্তূপ করে রাখা পাঞ্জাবির মধ্য থেকে বেছে নিতে হবে, সে সুযোগও আছে। আর আনকোরা কিনতে চাইলে দামের অঙ্ক বাড়বে। খরচ হবে ন্যূনতম ২০০ টাকা। জিপিওর সামনে থেকে গুলিস্তানের ফুটপাতজুড়ে অসংখ্য দোকান আছে ঈদের পাঞ্জাবির। এসব দোকানে বার্মিজ মোটা সুতি কাপড়ের পাঞ্জাবির দাম ২০০ টাকা। ইউনেটিকা কাপড়ের পাঞ্জাবি ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে বলে জানালেন জিপিওর সামনের ফুটপাতের বিক্রেতা আমির হোসেন। ঈদের পাঞ্জাবির জন্য ফুটপাতের এসব পসরাই নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষের ভরসা।ঢাকার ঈদের বাজারে ১০০ টাকার পাঞ্জাবি যেমন আছে, তেমনি আছে ২০ হাজারের পাঞ্জাবিও। মহিশুর সিল্ক কাপড়ের ওপর পুরো জমিনে কারচুপির সূক্ষ্ম কারুকাজ করা ২০ হাজার ৫৫০ টাকার পাঞ্জাবি আছে বেইলি রোডের লুবনানে। বিশেষ ডিজাইন ও কারুকাজের জন্য লুবনানের পাঞ্জাবির আলাদা খ্যাতি আছে ক্রেতাদের কাছে। এই শাখার ব্যবস্থাপক নাদিম মাহমুদ জানালেন, এবার ঈদে লুবনানের সম্ভারে রয়েছে প্রায় ৬০ রকম রং ও নকশার পাঞ্জাবি। কাতান কটন, জুট কটন, জয় সিল্ক আদ্দিসহ বিভিন্ন কাপড়ে আকর্ষণীয় কারুকাজ করা এসব পাঞ্জাবির দাম শুরু হয়েছে এক হাজার ২৫০ টাকা থেকে। খাটো ঝুলের পাঞ্জাবির দাম দুই হাজার ৫৫০ টাকা পর্যন্ত। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে লম্বা কোটিও কেনা যাবে। এসব লম্বা কোটির দাম সাত হাজার ৫৫০ টাকা থেকে ২০ হাজার ৫৫০ টাকা।খ্যাতি ও জনপ্রিয়তার বিচারে আড়ংয়ের পাঞ্জাবির স্থান এখনো উচ্চপর্যায়ে। গত মঙ্গলবার মগবাজার শাখায় দেখা গেল ভেতরে তিল ধারণের জায়গা নেই। বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান জানালেন, হরতালের কারণে রোজার প্রথম দিকে বেচাকেনায় একটু মন্দা ছিল। গত শুক্রবার থেকেই পুরোদমে ঈদের বিক্রি শুরু হয়েছে। এবার তাদের পাঞ্জাবির নকশা এবং কাপড়ের বুননের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে। সুতি পাঞ্জাবি ৮০০ টাকা থেকে সাত হাজার টাকা, সিল্ক, অ্যান্ডি—এসবের পাঞ্জাবি আড়াই হাজার থেকে সাড়ে আট হাজার টাকা। সুতি ফতুয়া ৪০০ থেকে এক হাজার ২০০ এবং সিল্ক এক হাজার ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত। মেয়েদের জন্যও এই দামে ফতুয়া মিলবে এখানে।বরাবরের মতোই ফ্যাশন হাউসগুলোও ঈদ উপলক্ষে এনেছে হরেক রকমের পাঞ্জাবির সম্ভার। অঞ্জনসের পাঞ্জাবি পাওয়া যাবে ৭০০ টাকা থেকে চার হাজার টাকার মধ্যে। বাবা ও ছেলের জন্য একই রকমের পাঞ্জাবি সেট পাওয়া যাচ্ছে তাদের কাছে। এর দাম চার হাজার থেকে নয় হাজারের মধ্যে। দেশালের সম্ভারে আছে কেবলই সুতি কাপড়ের পাঞ্জাবি ও ফতুয়া। বেইলি রোড শাখা ব্যবস্থাপক শেখ রাসেল জানালেন, পাবনা ও নরসিংদীতে তাঁরা নিজস্ব তাঁত ও তাঁতিদের দিয়ে বিশেষ নকশার এসব কাপড় তৈরি করছেন। এবার টাই ডাই এবং প্যাচওয়ার্কের কাজ রয়েছে তাদের পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাকে। পাঞ্জাবির দাম সাড়ে পাঁচ শ থেকে এক হাজার টাকা। ফতুয়া ৩৫০ থেকে ৪০০ টাকা।শুধুই পাঞ্জাবির একটি সুপারমার্কেট আছে মালিবাগ মোড়ে ‘আয়শা শপিং কমপ্লেক্স’। ছোট-বড় প্রায় শ খানেক পাঞ্জাবির দোকান আছে এখানে। ‘আশা-মণি’ নামের দোকানের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানালেন, ভালো মানের সুতি পাঞ্জাবির দাম ৬০০ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে। তবে ৪০০ টাকায়ও সুতির পাঞ্জাবি পাওয়া যাবে এই মার্কেটে। সিল্ক, অ্যান্ডির পাঞ্জাবি পাওয়া যাবে দেড় হাজার থেকে আড়াই হাজারের মধ্যে। এখানে কিছু কিছু দোকানে ভারতে তৈরি সুতি ও সিল্ক পাঞ্জাবি পাওয়া যাবে তিন থেকে আট হাজার টাকার মধ্যে।ঈদ এগিয়ে আসছে দিনে দিনে। কেনাকাটার ব্যস্ততায় পেরিয়ে যাবে এই দিনগুলো।