ইব্রাহিম খালেদের প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী
এক শব্দও বাদ পড়েছে প্রমাণ হলে পদত্যাগ করব
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেয়ারবাজারে কারসাজি সম্পর্কিত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণই প্রকাশ করা হয়েছে। কেউ যদি প্রমাণ করতে পারেন কোনো শব্দ বাদ পড়েছে, তাহলে তিনি পদত্যাগ করবেন।জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২ পাসের প্রস্তাব করার সময় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ইব্রাহিম খালেদের প্রতিবেদন অক্ষরে অক্ষরে প্রকাশ করেছি। কেউ যদি বলেন, ওই প্রতিবেদনের একটি শব্দও বাদ পড়েছে, কেউ যদি তা প্রমাণ করতে পারেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে রিজাইন করব।’আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি পুঁজিবাজার নিয়ে কথা বলি না। আমি পুঁজিবাজার নিয়ে কথা বললেই নাকি সমস্যা হয়। কারণ, আমি সাফ সাফ কথা বলি। ইব্রাহিম খালেদের প্রতিবেদন অনুযায়ী পাঁচটি মামলা হয়েছে। আরও তদন্তের পর আরও সাতটি মামলা প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময়ে এই সাতটি মামলা করা হবে।’ ওই প্রতিবেদনের সব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে তিনি বলেন, তিনি (ইব্রাহিম খালেদ) যত সুপারিশ করেছেন, তার সবই অনুমাননির্ভর। অনুমানের ওপর মামলা করলে ’৯৬ সালে যা হয়েছিল, তা-ই হতো। ওসব মামলার কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি।অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, লক্ষ-কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু আমি বলব, হয়নি। মনে করেন, ১০ হাজার কোটি টাকা মূল্যমানের শেয়ার ২০ হাজার কোটি টাকা হয়েছে। তাতে তো ফ্যাক্টরির চেহারা পরিবর্তন হয়নি। টাইম ম্যাগাজিনে বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারের প্রভাব অর্থনীতিতে নেই। উদ্যোক্তারা পুঁজিবাজার নিয়ে উদ্বিগ্নও নয়।’বিল পাস: অর্থমন্ত্রীর উত্থাপিত মানি লন্ডারিং প্রতিরোধ বিল, ২০১২ পরে সংসদে পাস হয়। এ ছাড়া আজ সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০১২ পাস হয়েছে। বিল দুটির ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সংশোধনী এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। সন্ত্রাসবিরোধী বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আলোচনায় অংশ নিয়ে ফজলুল আজিম সাংবাদিক দম্পতি সরওয়ার সাগর-মেহেরুন রুনি হত্যার তদন্তে বিলম্ব হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে অনেক সাংবাদিক খুনের কারণ উন্মোচিত হয়েছে। সাংবাদিক ফরহাদ খাঁর খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। তিনি বলেন, সাগর-রুনি হত্যার তদন্তকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে তত্পর হন, সে জন্য চাপ প্রয়োগে সময় বেঁধে দেওয়া হয়। আসামিদের ধরার জন্য সময় বেঁধে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তত্পর হন। এভাবে নির্দেশ দেওয়ার ফলে কাজও হয়েছে। ৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যে কেউ গ্রেপ্তার না হলেও রহস্য উদ্ঘাটন হবে।পরে সংসদের অধিবেশন ২৬ ফেব্রুয়ারি রোববার বিকেল সোয়া চারটা পর্যন্ত মুলতবি করা হয়।