এক শিক্ষকের বিদ্যালয় ‘জোড়াতালি’র পাঠদান
এক ক্লাসে ছাত্রদের লেখার কাজ দিয়ে অন্য ক্লাসে পড়াতে যান। কখনো ওপরের ক্লাসের ছাত্রদের দিয়ে নিচের ক্লাসের ছাত্র পড়ান। আবার কখনো গ্রামের কলেজপড়ুয়া ছেলেমেয়েদের ডেকে আনেন ক্লাস নিতে। গ্রামের যুবকদের কাছে বিদ্যালয় ছেড়ে দিয়ে যেতে হয় অফিসের কাজে। এভাবেই জোড়াতালি দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় চালিয়ে নিচ্ছেন পল্লবী দেবী।সীমান্ত জেলা সাতক্ষীরা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাঁশতলা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা এমনই। জানা গেছে, জেলার প্রতিটি উপজেলায় ১০-১২টি করে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে একজন অথবা দুজন শিক্ষক আছেন। জটিলতার কারণে শিক্ষক নিয়োগ বিলম্বিত হচ্ছে।জেলা সদর থেকে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে যেতে হয় বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ে। ১৫১ জন শিক্ষার্থী নিয়ে চলা বিদ্যালয়টি একজন শিক্ষকের ওপর পুরোপুরি নির্ভরশীল। বিদ্যালয়ের অবস্থা জানাতে গিয়ে পল্লবী দেবী প্রথম আলোকে বলেন, ‘এক ক্লাসে ছাত্রদের লেখার কাজ দিয়ে অন্য ক্লাসে পড়াতে যাই। বেশি সমস্যায় পড়লে ওপরের ক্লাসের ভালো ছাত্রদের দিয়ে নিচের ক্লাসে পড়ানোর ব্যবস্থা করি। কখনো আবার গ্রামের কলেজপড়ুয়া ছেলেমেয়েদের ডেকে আনি পড়ানোর জন্য। অফিসের কাজে সদরে যেতে হলে কাউকে ডেকে বিদ্যালয় পাহারায় রেখে যাই।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বলেন, ‘আমরা অনেক কষ্ট করে বিদ্যালয়টি টিকিয়ে রেখেছি। শিক্ষকসংকটের কারণে ছাত্রছাত্রীদের ধরে রাখতে পারছি না।’কলারোয়ার উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে নারানপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০০৮ সাল থেকে পরিচালনা করছেন একমাত্র শিক্ষক রেবেকা সুলতানা। তিনি বলেন, ‘শিক্ষকসংকটের কারণে অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন অন্য স্কুলে। দুই বছরে অন্তত ১০০ শিক্ষার্থী অন্য স্কুলে চলে গেছে। আমার কিছুই করার নেই। এভাবে বিদ্যালয় চালানো অত্যন্ত কঠিন।’জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার প্রতিটি উপজেলায় ১০-১২টি করে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে একজন অথবা দুজন শিক্ষক রয়েছেন। গত বছরের ২১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। উচ্চ আদালতে এক রিটের পরিপ্রেক্ষিতে পরীক্ষা কেন বাতিল হবে না, জানতে চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে কারণ দর্শানোর রুল জারি করেন আদালত। এ কারণে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকট নিরসনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়া হয়েছিল। পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছিল। পরে তা স্থগিত করা হয়।জানা গেছে, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। গত বছর শিক্ষক নিয়োগ পদ্ধতি পরিবর্তন করে সরকার। এতে জেলা প্রশাসককে সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য-সচিব করে সাত সদস্যবিশিষ্ট ৬৪টি নিয়োগ কমিটি গঠন করা হয়।বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, নতুন পরিপত্র অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হলে অনেক সমস্যা দেখা দেবে। বদলির সুযোগ না থাকায় শিক্ষকদের যেকোনো এলাকায় গিয়ে চাকরি করা সম্ভব নয়। সরকার শিক্ষার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ বিদ্যালয়গুলো শিক্ষকশূন্য থাকছে। বিদ্যালয়গুলো এ অবস্থায় রেখে শিক্ষার উন্নয়ন করা যাবে না।