এক সচিব ও বিসিক চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় উচ্চপদস্থ দুই সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মহিলা ও শিশুবিষয়ক ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম (৫২) এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫)। গুরুতর আহত হয়েছেন তাঁদের দেহরক্ষী ও গাড়ির চালক।মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলিতে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমান একটি পাজেরো গাড়িতে (ঢাকা ১৪৮-য়) সকালে ঢাকা থেকে রওনা হন। শিবালয় থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে জিপটি ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া-উথুলি সংযোগস্থলে পৌঁছলে ঢাকাগামী ‘দ্রুতি পরিবহনের’ একটি বাসের সঙ্গে (ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে জিপটি দুমড়েমুচড়ে যায়। এতে রাজিয়া বেগম, সিদ্দিকুর রহমান, জিপচালক ফজলুল হক এবং দেহরক্ষী ফজলুল কাদের আটকা পড়ে যান। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করে তাঁদের উদ্ধার করে উথলি হাসপাতালে নিয়ে যান। পুলিশ এসে পরে তাঁদের মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। জিপচালক ফজলুল হক ও দেহরক্ষী ফজলুল কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। গত ২৬ মার্চ সিদ্দিকুর রহমানের দুই মেয়ে কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান।প্রত্যক্ষদর্শী মানিকগঞ্জ উপকণ্ঠের পৌলি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে করে পাটুরিয়া যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তিনি জিপটির পেছনেই ছিলেন। জাহাঙ্গীর জানান, মোড় ঘোরার সময় বাসের সঙ্গে জিপের সংঘর্ষ হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার মাসুদ করিম বলেন, ‘দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এর আগেই রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমান মারা যান।’দুর্ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাসুদ করিমসহ প্রশাসনের কর্মকর্তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসকের নির্দেশে লাশ দুটি হাসপাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। দুপুর ১২টার দিকে নিহত ব্যক্তিদের স্বজনেরা মানিকগঞ্জ গিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে লাশ দুটি বুঝে নেন। রাজিয়া বেগম এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অর্থ, স্বরাষ্ট্র ও পূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নিয়োগ পাওয়া চার নারী জেলা প্রশাসকের একজন ছিলেন। তাঁর স্বামী নজরুল ইসলাম ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। রাজিয়া বেগমের মৃত্যুর খবর পাওয়ার পর সকাল থেকেই মন্ত্রী-সচিবসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁর বাসায় ভিড় করেন। লাশ আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুহাম্মদ ইউনূস, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, বিভিন্ন সাংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা, বেশ কয়েকজন সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং ঢাকা জেলা প্রশাসনসহ সর্বস্তরের অনেক কর্মকর্তা সেখানে যান।অন্যদিকে সিদ্দিকুর রহমানের লাশ নিয়ে আসা হয় তাঁর খিলগাঁওয়ের বাসায়। সেখানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ সাবের হোসেন চৌধুরী, শিল্পসচিব দেওয়ান জাকির হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব উল ইসলামসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত হন। রাজিয়া বেগমের প্রথম জানাজা হয় শেরেবাংলা নগরের নিজ বাসার সামনে। সিদ্দিকুর রহমানের প্রথম জানাজা হয় খিলগাঁও বায়তুল তাকওয়া মসজিদে। পরে উভয়ের জানাজা হয় সচিবালয় মসজিদে। রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাজিয়া বেগমকে দাফন করা হয়। সিদ্দিকুর রহমানকে দাফন করা হয় কুমিল্লার দেবীদ্বারে।শোক: রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হক, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আলী কবীর ও মহাসচিব খোন্দকার শওকত হোসেন পৃথক বার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দেবীদ্বারে মাতমআমাদের দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাত সোয়া আটটার দিকে বিসিক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার বড় কামতায় পৌঁছায়। সেখানে সৃষ্টি হয় শোকাকুল পরিবেশের। গ্রামের ছোট-বড়, নারী-পুরুষ প্রায় সবার চোখে ছিল পানি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিক। রাত নয়টার দিকে আরেক দফা জানাজা শেষে সিদ্দিকুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।