এক সন্তানের চিকিৎসায় আরেক সন্তান বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ হাজার রুপিতে প্রতিবেশীর কাছে আট দিনের শিশুকে বিক্রির অভিযোগে ভারতের রাজস্থান রাজ্যে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই দম্পতি জানিয়েছেন, দুই বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত সন্তানের চিকিৎসার ব্যয়ের জন্য ওই অর্থ তাঁদের দরকার ছিল। বর্তমানে তাঁদের দুজনই জামিনে ছাড়া পেয়েছেন।এনডিটিভির খবরে বলা হয়, রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা সন্ধ্যা দেবী গর্ভাবস্থায় উদয়পুরে চিকিৎসকের কাছে জানতে পারেন তাঁর বড় ছেলের চিকিৎসায় ৪০ হাজার রুপি প্রয়োজন। এত টাকা জোগাড় করতে পারবেন না বলে চিন্তিত হয়ে নিজ শহরে ফেরেন তিনি। এ সময় এক প্রতিবেশী অর্থসহায়তা দেওয়ার কথা বলেন তাঁকে। তবে ওই সহায়তায় অন্য মতলব ছিল। ওই প্রতিবেশী সন্ধ্যাকে বলেছিলেন, তাঁর নবজাতকের পরিবর্তে দরকারি অর্থ দেবেন। তবে শর্ত হলো নবজাতকটিকে অবশ্যই ছেলে হতে হবে। এর দুই দিন পর ঔরসজাত নবজাতক ছেলে শিশুটিকে প্রতিবেশীর কাছে হস্তান্তর করেন সন্ধ্যা। বিনিময়ে প্রতিবেশী তাঁকে ২০ হাজার রুপি দেন। সন্ধ্যা দম্পতি দাবি করেন, দারিদ্র্যের কারণেই তাঁরা সন্তানকে দত্তক দিতে বাধ্য হন। সন্ধ্যা দেবীর স্বামী অশোক কুমার বলেন, ‘আমার বড় সন্তান অসুস্থ বলেই নবজাতককে ৪০ হাজার রুপিতে দত্তক দিতে হয়েছে। কিন্তু আমি মাত্র ২০ হাজার রুপি পেয়েছি। বাকি অর্থ মধ্যস্বত্বভোগী এক নারী লুফে নিয়েছেন। ওই নারীর নাম মধু, যিনি একজন ধাত্রী। ওই নারী আমাকে বলেছেন এখন ২০ হাজার রুপি রাখো, বাকিটা বাড়ি থেকে এনে দিচ্ছি। এরপর আমি তাঁর বাড়িতে ওই অর্থ আনতে গেলে সেটা আর দেওয়া হয়নি।’শ্রীগঙ্গানগরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন অশোক কুমার।রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, সন্তান বিক্রির ওই ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশের মানবপাচারবিরোধী শাখার একটি দল। তদন্তে সন্তান বিক্রির অবৈধ চুক্তির বিষয়ে আভাস পেয়েছে দলটি। ওই দলের একজন কর্মকর্তা জানান, ছেলে শিশুটির জন্ম বাল হাসপাতালে। অর্থের বিনিময়ে শিশুটিকে দত্তক দেওয়া হয়। তিনি বলেন, কেবল জেলা শিশু সুরক্ষা কমিটির মাধ্যমেই দত্তক দেওয়া যেতে পারে, তবে ওই দত্তকে কোনো অর্থ বা উপহার দেওয়া-নেওয়ার সুযোগ নেই।পুলিশ আরও জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় দত্তক দেওয়া-নেওয়ার সঙ্গে জড়িত দম্পতি সন্ধ্যা-অশোক, প্রতিবেশী বিনোদ আগারওয়াল ও তাঁর স্ত্রী শকুন্তলা দেবীর বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিবদ্ধ করা হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে দত্তকের কাগজপত্র তৈরিতে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও। উল্লিখিত পাঁচজনের মধ্যে সন্ধ্যা দেবী ও তাঁর স্বামীকে গতকাল গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। আর নবজাতকটি বর্তমানে রয়েছে অশোক-সন্ধ্যা দম্পতির কাছেই।