এক সপ্তাহে দুবার এভারেস্টজয়ী প্রথম নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুরিম শেরপা নামের নেপালের এক নারী এক সপ্তাহের মধ্যে দুবার এভারেস্ট জয় করা প্রথম নারী হিসেবে রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে বলে আজ মঙ্গলবার রয়টার্সের খবরে জানানো হয়।গত বছরের ১২ ও ১৯ মে ছুরিম শেরপা হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আরোহণ করেন, যার উচ্চতা ২৯ হাজার ৩৫ ফুট। গিনেস রেকর্ডে নাম লেখানোর মতো আনন্দের খবরের প্রতিক্রিয়ায় ছুরিম বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় স্বীকৃতি।’নেপালের উত্তর-পূর্বাঞ্চলের সলুখুম্ব অঞ্চল দিয়ে ছুরিম এভারেস্টে আরোহণ করেন। এর পর বেসক্যাম্পে ফিরে বিশ্রাম নিয়ে সাত দিন পর আবার এভারেস্টে আরোহণ করেন। সেই অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো এভারেস্টে আরোহণ করাটা ছিল খুব জটিল আর কঠিন। তবে চূড়ায় পৌঁছানোর পর সবকিছু সুন্দরভাবে সমাধা হয়। আমি যা সব সময় করতে চেয়েছি, সেটা করতে পেরেছি।’ ১৯৫৩ সালের স্যার এডমুন্ড হিলারি ও তেনজিং শেরপা প্রথমবারের মতো এভারেস্ট জয় করেন। এর পর থেকে প্রায় চার হাজার পর্বতারোহী এভারেস্ট জয় করেন। আপা শেরপা নামে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেপালি পর্বতারোহী সর্বোচ্চ ২১ বার এভারেস্ট জয় করেন।