এক সপ্তাহের অগ্রগতিতে বাংলাদেশ হতাশ
ডারবান জলবায়ু সম্মেলনের এক সপ্তাহের আলোচনাকে হতাশাজনক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ। বাংলাদেশভিত্তিক বেসরকারি সংস্থাগুলোও একই সুরে কথা বলছে। তাদের আশঙ্কা, ডারবানে একটি চুক্তিতে না পৌঁছাতে পারার ফলে জলবায়ু পরিবর্তনের কারণে লাখো মানুষের মৃত্যু ঘটবে।এক দিন বিরতি দিয়ে গতকাল সোমবার আবারও দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জাতিসংঘের ১৭তম জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। কাল থেকে সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে। বিশ্বের ১৯৪টি দেশের মন্ত্রী ও ১২টি দেশের রাষ্ট্রপ্রধানেরা সম্মেলনে যোগ দিতে শুরু করেছেন।তবে এখন পর্যন্ত সম্মেলনের প্রধান বিষয় কার্বন নিঃসরণ ও গ্রিন ক্লাইমেট ফান্ড ছাড়ের প্রধান বিষয়গুলো নিয়ে বেশির ভাগ রাষ্ট্র মতৈক্যে পৌঁছাতে পারেনি। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা কিয়োটো প্রটোকলে স্বাক্ষরকারী শিল্পোন্নত ৩৭টি রাষ্ট্র ও উদীয়মান অর্থনীতির চারটি দেশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।সম্মেলন যাতে পুরোপুরি ব্যর্থ না হয়, সেই চেষ্টা হিসেবে একটি ডারবান রোডম্যাপ ঘোষণা করার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় ইউনিয়ন ও চীন মিলে চেষ্টা করছে। তবে স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এ সম্মেলনেই কিয়োটো-পরবর্তী কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার চায়।গতকাল সম্মেলনকেন্দ্র আইসিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী রাষ্ট্রগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ডের ক্ষেত্রেও বাংলাদেশের দাবি অনুযায়ী ৫০ শতাংশ অর্থ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন বাবদ রাখা হচ্ছে না। সর্বশেষ খসড়া অনুযায়ী, ১৯ শতাংশ অর্থ অভিযোজন বাবদ বরাদ্দ রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কিয়োটো চুক্তি-পরবর্তী সময়ের জন্য বাংলাদেশ একটি সামগ্রিক আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি চায়, যেখানে কার্বন নিঃসরণ বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়া থাকবে।গতকাল দক্ষিণ আফ্রিকা সময় বেলা ১১টায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনবিষয়ক বেসরকারি সংস্থাগুলোর জোটের পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, রাষ্ট্রগুলোর একটি চুক্তিতে আসার ব্যর্থতার পরিণতি হিসেবে পৃথিবীতে গণহত্যা আরও বাড়বে। বর্তমান ধারায় কার্বন নিঃসরণ হতে থাকলে চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রির চেয়েও বাড়বে। এতে প্রাকৃতিক দুর্যোগসহ জলবায়ু পরিবর্তনের ফলে লাখো মানুষের প্রাণহানি হবে।অভিযোজনসংক্রান্ত আলোচনার ওপর গুরুত্ব দিয়ে হাছান মাহমুদ আইপিসিসির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ পাচুরির বক্তব্য থেকে উদ্ধৃত করে বলেন, জলবায়ু পরিবর্তন হতে থাকলে আনুমানিক ২০ থেকে ৩০ শতাংশ বৃক্ষরাজি ও জীবজন্তু বিলীন হওয়ার ঝুঁকি বাড়বে। বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গেলে এটি জলবায়ু পরিবর্তনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। মরু অঞ্চলের বরফ আচ্ছাদনের আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সমুদ্রের জলরাশির উচ্চতা বেড়ে যাবে। পরিবর্তন আসবে উপকূলবর্তী এলাকায়। ডুবে যাবে নিচু এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নদীপ্রবণ ও নিচু দ্বীপগুলো।বেসরকারি সংস্থাগুলোর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইক্যুইটি বিডির সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী বলেন, বিশ্বের নেতারা কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকারের বিষয়টি ২০২০ সাল পর্যন্ত ঠেলে দিতে চাইছেন। সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, কার্বন নিঃসরণ কমানো যত পেছাবে, তত ধ্বংস ও মৃত্যু ডেকে আনবে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএসআরএলের পক্ষে আহসান উদ্দিন আহমেদ, জিয়াউল হক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আবদুল মতিন।