এক সপ্তাহের বন্যায় উত্তর কোরিয়ায় মৃত ১৬৯
উত্তর কোরিয়ায় গত সপ্তাহের ভয়াবহ বন্যায় আজ শনিবার পর্যন্ত মারা গেছে ১৬৯ জন মানুষ। নিখোঁজ রয়েছে প্রায় ৪০০ জন। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, এ বছরের জুন ও জুলাই মাসের বন্যায় দুই লাখ ১২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে; ৬৫ হাজার হেক্টর জমির ফসল ভেসে গেছে বা নষ্ট হয়েছে।বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার দুস্থ লোকজনের জন্য শিগগির জরুরি ত্রাণ পাঠানো হবে। গতকাল শুক্রবার খাদ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, দুর্গত দেশটির বন্যার্ত মানুষের জরুরি সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দুই সপ্তাহের প্রাথমিক ত্রাণকার্যক্রমে প্রতিদিন প্রত্যেককে ৪০০ গ্রাম ভুট্টা রেশন হিসেবে দেওয়া হবে। কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে, তা ওই বিবৃতিতে জানানো হয়নি।উত্তর কোরিয়ার সরকার বিশ্ব খাদ্য সংস্থার কাছে জরুরি খাদ্যসহায়তা চেয়ে আবেদন করার পর ত্রাণ পাঠানোর এ ঘোষণা দেওয়া হলো। পিয়ংইয়ংয়ে অবস্থানকারী জাতিসংঘের কর্মকর্তারা বন্যাদুর্গত এলাকাগুলো ঘুরে দেখার পরে স্বীকার করেন, সত্যিই বন্যার্ত মানুষের জন্য জরুরি সাহায্য প্রয়োজন। ধারণা করা হচ্ছে, বন্যায় প্রচুর শস্য নষ্ট হওয়ায় দেশটিতে আগামী দিনে খাদ্যঘাটতি আরও প্রকট হবে। বন্যায় প্রায় সাড়ে আট হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্লাবিত হয়েছে আরও প্রায় ৪৪ হাজার ঘরবাড়ি। দেশটির সরকারি বার্তা সংস্থার এক খবরে বলা হয়, এক হাজার চার শ স্কুল, কারখানা ও হাসপাতাল প্লাবিত হয়েছে।