পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার রাঙামাটির বাঘাইহাটে আদিবাসীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের বিরুদ্ধে যে বর্বরতা চালানো হয়েছে তা দেখতে আমি এসেছি। এক সপ্তাহের মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।’ আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি থেকে তিনি বাঘাইহাটে আসেন। ক্ষতিগ্রস্ত আদিবাসীদের দ্রুত প্রয়োজনীয় ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে আজ বেলা দুইটার দিকে বাঘাইছড়ির গঙ্গারামমুখ ও খাগড়াছড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম হুমায়ুন কবিরের ওপর দুই দফা হামলা করে আদিবাসীরা। প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই আদিবাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে ও হামলা চালায়। এতে তিনি সামান্য আহত হন। আদিবাসীদের অভিযোগ, ইউএনওর সহযোগিতায় তাদের গুচ্ছগ্রামে অগ্নিসংযোগ ও হামলা হয়। প্রতিমন্ত্রী বঙ্গলপুর ইউনিয়নের বটতলায় আসার পরেই বনের ভেতর থেকে আদিবাসীরা সেখানে বেরিয়ে আসে। এ সময় গুচ্ছগ্রামের অধিবাসী কালাকচু চাকমা, টংকু চাকমাসহ স্থানীয় আরও অনেকে অভিযোগ করেন, সেনাবাহিনী ও বাঙালিরা তাঁদের ঘরে আগুন লাগিয়েছে। তবে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল ওয়াসিম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাঘাইহাট ভূমি সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সময় একটি মহলের ষড়যন্ত্রে আদিবাসী ও বাঙালিদের মধ্যে আবার নতুন করে বিরোধ দেখা দিয়েছে।’উল্লেখ্য, দীপংকর তালুকদারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান জ্যোতিন্দ্রনাথ ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন, রাঙামাটি ও খাগড়াছড়ির জনপ্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে গতকাল শনিবার রাত থেকে বাঘাইহাটের পরিস্থিতি শান্ত আছে। তবে এলাকাবাসীর মধ্যে এখনো নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।