এক সপ্তাহের মধ্যে বিডিআরের নতুন নাম হচ্ছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের মধ্যে বিডিআরের নাম ও লোগো বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে ‘বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’। এ নামেই বাহিনীর সব স্থাপনা ও অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নাম হবে।গত ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আজ মঙ্গলবার এ বিলে সই করেছেন।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি এ বিলে সই করেছেন। আজকালের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।"বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন আইনের গেজেট হাতে আসার পরই এর পরিবর্তনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।বিডিআর সূত্র জানায়, ২৬ ডিসেম্বর এ-সংক্রান্ত গেজেট ছাপা হয়ে মন্ত্রণালয়ে আসতে পারে। তবে রাষ্ট্রপ্রতি স্বাক্ষর করার পরপরই নতুন আইনটি কার্যকর হয়ে গেছে।বিডিআরের ২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সামছুর রহমান আজ মঙ্গলবার পিলখানায় সংবাদ সম্মেলনে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আইন কার্যকর হওয়ার পর বিচার চলাকালে কোনো আসামি দলগত বা এককভাবে বিদ্রোহ সমতুল্য কোনো কাজ করলে নতুন আইনেই তার বিচার হবে। চলতি বছরের গত ১ মার্চ এ-সংক্রান্ত খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গত ১২ জুলাই ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়। চলতি বছরের ২০ সেপ্টেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে উত্থাপিত হয়। নতুন আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। আগের আইনে এ অপরাধের সাজা ছিল সাত বছরের কারাদণ্ড। নতুন আইনে কোনো সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না।