নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্যের নির্দেশে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগের দরপত্রের শর্ত পরিবর্তিত হয়েছে।এ-সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ না হয়েও তিনি সংসদ ও মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে সভাপতিত্বও করেছেন। এই সাংসদ হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মোহাম্মদ শাহ আলম।জানা গেছে, শাহ আলম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে আবেদনকারী কোম্পানির আর্থিক যোগ্যতার শর্ত পরিবর্তন করে দিয়েছেন। কোনো নির্বাহী ক্ষমতার অধিকারী না হলেও একজন সাংসদের এমন নির্দেশ মেনেও নেওয়া হয়েছে। আর এতে দ্বিমত পোষণ করে নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরামর্শক কোম্পানি আইআইএফসি মৌখিকভাবে প্রাক-দরপত্র ও দরপত্রের কাজে সম্পৃক্ত থাকতে অসম্মতি জানিয়েছে।গত ২৭ জুন শর্ত শিথিল করে নতুনভাবে প্রাক-দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাল ১০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন।তবে সাংসদ মোহাম্মদ শাহ আলম দরপত্রের শর্ত পরিবর্তন বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের ক্ষেত্রে সংসদীয় কমিটির কোনো নির্বাহী ক্ষমতা নেই। আর এটি করবে বন্দর কর্তৃপক্ষ। তিনি বলেন, এর আইনগত নানা বিষয়ে সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনায় কেবল তিনি অংশ নিয়েছেন। এ ব্যাপারে কোনো ব্যক্তিগত মতামত দেননি তিনি।তবে চট্টগ্রাম বন্দরের গত ২২ এপ্রিল ও ২৫ আগস্টের দুটি নথিতে দরপত্রের শর্ত পরিবর্তনের জন্য মোহাম্মদ শাহ আলমের বিভিন্ন সভায় সভাপতিত্ব করা এবং তাঁর নির্দেশে শর্ত পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। সূত্র জানায়, মোহাম্মদ শাহ আলম বন্দরের পণ্য খালাসের সঙ্গে সম্পর্কিত একটি সিঅ্যান্ডএফ কোম্পানির মালিক।প্রসঙ্গত, চারটি অভিজ্ঞ আন্তর্জাতিক কোম্পানিকে দরপত্রের মাধ্যমে বাছাই করার পর হঠাৎ গত ফেব্রুয়ারি মাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালের উন্নয়ন ও অপারেটর নিয়োগের দরপত্র-প্রক্রিয়া বাতিল করা হয়। পরে নতুন করে প্রাকদরপত্র আহ্বান করা হলেও নিজেদের পছন্দের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য টার্মিনাল উন্নয়নের অভিজ্ঞতা, কনটেইনার পরিচালনার ক্ষমতা ও বিনিয়োগের সক্ষমতার শর্ত কমিয়ে আনা হয়।যোগাযোগ করা হলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এটি পুরোপুরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিষয় বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হাদী হুসাইন বাবুল প্রথম আলোকে বলেন, নতুন আহ্বান করা দরপত্রে যেসব পরিবর্তন করা হয়েছে, তা মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের কোনো হাত নেই।জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক হাজার মিটার দীর্ঘ ১০ লাখ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার) ধারণক্ষমতার নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পটি কাজ শুরু হয়েছিল। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয় বিগত চারদলীয় জোট সরকারের সময়। আর তত্ত্বাবধায়ক সরকারের সময় সরবরাহ, পরিচালনা ও হস্তান্তরের (এসওটি) ভিত্তিতে বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য অপারেটর নিয়োগের প্রাকদরপত্রের প্রক্রিয়া শুরু হয়। ন্যূনতম এক হাজার কোটি টাকা বিনিয়োগ এবং আন্তর্জাতিক পর্যায়ে টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার অভিজ্ঞতা আছে, এমন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়। কেননা, এই বন্দর পুরোপুরি চালু করতে ১০টি গ্যানট্রি ক্রেন লাগবে এবং যন্ত্রপাতি ও উন্নয়নকাজে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। তবে এই নিয়োগের প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকারের সময় শেষ করা যায়নি।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারির আগে আহ্বান করা প্রাকদরপত্রে অংশ নেওয়া চারটি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল এপিএম মোলার, হংকংয়ের টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান হাচিসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল লিমিটেড ও দুবাইভিত্তিক পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি (যাদের মূল মালিক দুবাই পোর্টস ওয়ার্ল্ড)। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের জন্য দরপত্রের দলিলও তৈরি হয়। ২০০৯ সালে এই দলিল সরবরাহ করা হয়। কিন্তু এর পরই পরিস্থিতি বদলে যেতে থাকে।২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে নৌপরিবহনমন্ত্রীর কার্যালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে আগের দরপত্র বাতিল এবং নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। এরপর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সংসদীয় স্থায়ী কমিটির কক্ষে ১৬ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়, আগে আহ্বান করা দরপত্রের ৫.২.২ ধারাটি সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হবে। এই ধারায় বলা হয়েছিল, আবেদন করা টার্মিনাল অপারেটরকে অবশ্যই টার্মিনালের অবকাঠামো উন্নয়নে ১০ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম পাঁচ লাখ টিইইউ (২০ ফুটের কনটেইনার) ক্ষমতার একটি টার্মিনাল উন্নয়নের অভিজ্ঞতা থাকতে হবে। আর টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে বলা ছিল, বিগত পাঁচ বছরে আন্তর্জাতিক স্তরে এক বা একাধিক দেশে ন্যূনতম তিনটি টার্মিনাল পরিচালনার ক্ষমতা থাকতে হবে। এর মধ্যে একটি ন্যূনতম পাঁচ লাখ টিইইউ ক্ষমতার একটি টার্মিনাল, অন্যটি ন্যূনতম দুই লাখ টিইইউ ক্ষমতার হতে হবে। সব মিলিয়ে বছরে ন্যূনতম নয় লাখ কনটেইনার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।কিন্তু চট্টগ্রাম বন্দরের আহ্বান করা নতুন প্রাকদরপত্রে এটি সংশোধন করে বন্দর উন্নয়নের অভিজ্ঞতা তিন বছরে এবং কনটেইনার পরিচালনার অভিজ্ঞতা নয় লাখ থেকে মাত্র ৭০ হাজারে নামিয়ে আনা হয়।বন্দর যাতে একক কোনো অপারেটর কোম্পানির হাতে না যায়, সে জন্য বন্দরে নিয়োজিত কোনো অপারেটর বা বার্থ অপারেটর কোম্পানি আবেদনকারী কোম্পানির ১৫ শতাংশ শেয়ারের মালিক হলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগের আবেদন করতে পারবে না। আগের এই শর্তটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।আবার আর্থিক ধারায়ও পরিবর্তন আনা হয়েছে। যেমন: বিগত তিন আর্থিক বছরে আবেদনকারী কোম্পানির মোট সম্পদ ছয় কোটি ডলার প্রতিস্থাপন করে নতুন দরপত্রে সাড়ে চার কোটি ডলার করা হয়েছে। টার্মিনাল উন্নয়নের জন্য ন্যূনতম নিজস্ব তহবিল দেওয়ার সামর্থ্য তিন কোটি ডলারের পরিবর্তে দুই কোটি ডলার করা হয়েছে। আর বিগত ১০ বছরে ঋণ জোগাড়ের ক্ষমতা সাড়ে চার কোটি ডলার পরিবর্তন করে আড়াই কোটি ডলার করা হয়েছে।জাতীয় সংসদে স্থায়ী কমিটির সভাকক্ষে মোহাম্মদ শাহ আলমের করা বৈঠকের এসব সিদ্ধান্ত অনুযায়ী দরপত্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের (চট্টগ্রাম বন্দর শাখা) থেকে। দায়িত্বপ্রাপ্ত একজন সহকারী সচিব গত ২৬ মে এই নির্দেশের কথা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জানিয়ে দেন।তবে এসব বিষয় পুরোপুরি অস্বীকার করেছেন মোহাম্মদ শাহ আলম। প্রথম আলোকে তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা হলে তিনি তাতে অংশ নেন মাত্র। দরপত্রের শর্ত শিথিল করা প্রসঙ্গে তিনি বলেন, পুরো টার্মিনালটির উন্নয়ন ও পরিচালনার কাজ যাতে শুধু বিদেশিরা না পায়, দেশি প্রতিষ্ঠানও সুযোগ পায়, সে জন্য এই শিথিলতা গ্রহণযোগ্য।অবশ্য নাম প্রকাশ না করার শর্তে নিউমুরিং কনটেইনার টার্মিনালের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সম্ভাব্য অপারেটর হতে পারে, এমন একটি কোম্পানির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দরপত্রের কয়েকটি শর্ত পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে এই পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছে।