বিডিআর বিদ্রোহের অন্যতম নেতা সুবেদার গোফরান মল্লিক প্রথম সাক্ষী সুবেদার মতিউর রহমানকে প্রশ্ন করেন, ‘একটি ছবি দেখিয়ে আপনি কীভাবে বলেন যে আমি সেপাই মঈনকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলাম?’ গোফরানের প্রতি সাক্ষীর পাল্টা প্রশ্ন, ‘কর্মকর্তারা কেউ এগিয়ে গেলেন না, আপনি কেন গেলেন?’ গোফরানের উত্তর, ‘রক্ষা করতে নয়, আমি মাঈনকে নিবৃত্ত করতে গিয়েছিলাম।’পিলখানা বিদ্রোহের বিচারে স্থাপিত বিশেষ আদালত-৫-এ গতকাল রোববার মামলার প্রথম সাক্ষীকে এভাবেই একের পর এক প্রশ্ন করেন প্রায় দেড় শ আসামি। ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন সদস্যের বিরুদ্ধে করা মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমান। তিনিই এ মামলার প্রথম সাক্ষী। আর গোফরান মল্লিক এ মামলার প্রধান আসামি।গতকাল সকাল সোয়া নয়টায় পিলখানার দরবার হলে বিচারকাজ শুরু হয়। বিডিআরের আইন অনুযায়ী বিশেষ আদালতে অভিযুক্ত সদস্যরা সরাসরি সাক্ষীকে জেরা করেন। দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টা বাদীকে জেরা করা হয়। মাঝে আধাঘণ্টার বিরতি ছিল। যাঁরা দোষ স্বীকার করেছেন, তাঁরা বাদীকে জেরা করেননি।আসামিরা কেউ কেউ সাক্ষীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন। কোনো কোনো প্রশ্নে সাক্ষী নীরব থাকেন। প্রায় সব আসামির প্রশ্ন ছিল, ‘আপনি কি আমাকে স্বচক্ষে বিদ্রোহে সক্রিয় দেখেছেন?’ সাত-আটটি ছাড়া সব প্রশ্নের ক্ষেত্রেই সাক্ষীর জবাব ছিল, ‘আমি স্বচক্ষে দেখিনি তবে অন্য সাক্ষীরা দেখেছেন’, ‘ছবি ও ভিডিওতে দেখা গেছে’ অথবা ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে’।কয়েকজন আসামি বিদ্রোহের সময় সাক্ষী মতিউর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আর তিন আসামির অভিযোগ, তাঁদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।নায়েক শামসুল হক মোল্লার প্রশ্নের জবাবে মতিউর রহমান জানান, তিনি শামসুলকে স্বচক্ষে বিদ্রোহে অংশ নিতে দেখেছেন। কী দেখেছেন? শামসুলের এ প্রশ্নের জবাবে মতিউর বলেন, ‘আপনাকে আমি ক্যানটিনের পেছনে প্রথম নারকেল গাছের তলায় আরও কয়েকজনের সঙ্গে সলাপরামর্শ করতে দেখেছি।’ শামসুলের প্রশ্ন, ‘তখন আপনি কাউকে বাধা দিয়েছিলেন কি?’ সাক্ষী এ প্রশ্নের কোনো জবাব দেননি। আসামির আবার প্রশ্ন, ‘আমার কাছে তখন কী ছিল?’ বাদীর জবাব, একজন সৈনিকের কাছে যা যা থাকে, তা-ই ছিল।ল্যান্স নায়েক একরামুল বলেন, ‘কৃত্রিম সাক্ষীদের সঙ্গে কথা বলে আমি আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না।’ তাঁর এ বক্তব্য আদালত অবমাননা হিসেবে নিতে আদালতের প্রতি অনুরোধ জানান প্রসিকিউটর লে. কর্নেল শামসুর রহমান। পরে আদালত একরামুলকে শাস্তি হিসেবে আদালত শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বলেন।সেপাই ইকবাল হোসেনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে আদালতকে জানান সাক্ষী মতিউর। তখন ইকবাল প্রশ্ন করেন, ‘আপনি আমাকে আগে থেকে চেনেন?’ সাক্ষীর জবাব, ‘না’। তাহলে চিনলেন কী করে? এ পর্যায়ে আদালতের সভাপতি বলেন, ‘তিনি (সাক্ষী) তাঁর অভিজ্ঞতা-জ্ঞান কাজে লাগিয়ে চিনতে পারেন।’হাবিলদার রবিউল আলমের জেরায় সাক্ষী জানান, বিদ্রোহের সময় ভান্ডারে কর্তব্যরত রবিউলকে সিসিটিভিতে দেখা গেছে। এ ছাড়া সাক্ষীরাও তাঁকে দেখেছেন। রবিউলের পাল্টা প্রশ্ন, ‘আপনি যদি প্রাণ বাঁচাতে বিদ্রোহ প্রতিহত না করে দরবার হল ছেড়ে বাসায় চলে যেতে পারেন, তাহলে আমি কীভাবে কেন্দ্রীয় ভান্ডারে অতগুলো জওয়ানকে প্রতিহত করব। আমার কাছে তো সে রকম ভারী কোনো অস্ত্র ছিল না।’ সাক্ষী এ প্রশ্নেরও জবাব দেননি।সাক্ষীকে সেপাই আবদুল মান্নানের প্রশ্ন, ‘আপনি যদি বাসায় চলে যেতে পারেন, তাহলে আমি তালপাতার সেপাই, একা এত জনকে ঠেকাই কী করে।’জেরার সময় ১১১ নম্বর অভিযুক্ত সেপাই বুলবুল হোসেন তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আছে কি না, জানতে চান। সাক্ষী সুবেদার মতিউর অভিযোগ করেন, সেপাই বুলবুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুলবুলের পাল্টা অভিযোগ, এ জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণ হিসেবে উপস্থাপন করলে ১৪১ নম্বর অভিযুক্ত সেপাই মঞ্জুর এলাহী ও ১৪৪ নম্বর সেপাই আজহারুল করিম অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে।বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। তাঁকে সহায়তা করেন লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানি, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহরাওয়ার্দী। আসামিদের পক্ষে ‘ফ্রেন্ডস অব দ্য একিউজড’ হিসেবে ছিলেন বিডিআরের দুজন মেজর ও আটজন বেসামরিক আইনজীবী।সুবেদার মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের অভিযোগে এ মামলা করেন। এ মামলায় গত ২৬ জুন ৬৬৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।এদিকে আদালতের কার্যক্রমের শেষ পর্যায়ে একজন আইনজীবী দাঁড়িয়ে অভিযোগ করেন, তাঁরা তাঁদের নিয়োগদাতা অভিযুক্তদের সঙ্গে কথা বলতে পারছেন না।এ কথা শুনে আদালতের সভাপতি বলেন, আদালত সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। এরপর থেকে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় নির্দিষ্ট করে দেওয়া হবে। আদালত জানান, বাদীকে জেরার পর আসামিরা তাঁদের পক্ষের সাক্ষীদের উপস্থাপন করবেন এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে যুক্তিতর্ক ও বক্তব্য দিতে পারবেন।আদালত কার্যক্রমের পর বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ (ছবি ও ভিডিও) এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে বাদী আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন। এঁদের মধ্যে সাত-আটজনকে বাদী নিজেই বিদ্রোহে অংশ নিতে দেখেছেন।