ডিবির পানির ট্যাংক থেকে জালালের লাশ উদ্ধারের ১২ বছর
এক সাক্ষীর জন্য বিচার আটকে আছে আট বছর
এক সাক্ষীকে আদালতে হাজির করতে না পারায় সাড়ে আট বছর ধরে ঝুলে আছে ডিবির ‘সোর্স’ জালাল হত্যা মামলার বিচার।১২ বছর আগে ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছিল জালালের লাশ। ওই বছরই এই হত্যার ঘটনায় জড়িত হিসেবে পুলিশের পাঁচ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর মামলাটির বিচারকাজ বেশি এগোতে পারেনি।আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালে নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু মামলার ১৯ নম্বর সাক্ষী ইমান আলীকে আদালতে হাজির করতে না পারায় বিচার কার্যক্রম আর এগোয়নি।মামলার নথি অনুযায়ী, ইমান আলী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তপন আলীর ছেলে। আর তাঁর বর্তমান ঠিকানা: তেজগাঁও থানার ২৩/১ কুনিপাড়া। তাঁকে আদালতে হাজির হতে এই দুটি ঠিকানায় একাধিকবার সমন জারি করা হয়েছে।প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক জানান, দাগনভূঞার লক্ষ্মীপুর গ্রামে ইমান আলী নামের এক ব্যক্তি আছেন, তবে তাঁর বাবার নাম ভিন্ন। তিনি এ মামলা সম্পর্কে কিছু জানেন না। আর ঢাকার তেজগাঁওয়ের ঠিকানায়ও এখন আর এই নামে কেউ থাকেন না।নথিপত্রে দেখা যায়, ইমান আলী ২০০৩ সালের ২৩ জানুয়ারি সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন। ওই দিন তাঁর সাক্ষ্য নেওয়া হয়নি। এরপর আর তাঁকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ইমান আলী চারদলীয় জোট সরকারের আমলে একবার সাক্ষ্য দিতে এসেছিলেন। অসুস্থ হয়ে পড়ায় ওই দিন তাঁর সাক্ষ্য নেওয়া হয়নি। এরপর আর তাঁকে হাজির করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছে।আসামিপক্ষের একজন আইনজীবী বাহারুল ইসলাম বলেন, সাক্ষী ইমান আলী মামলার তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমানের ‘সোর্স’ ছিলেন। আসামিপক্ষ থেকে আদালতে এ কথা প্রকাশ করলে অসুস্থতার অজুহাত তুলে রাষ্ট্রপক্ষ ওই দিন আর ইমান আলীর সাক্ষ্য নেয়নি। এরপর সাক্ষীকে আর হাজির করতে পারেনি।মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। পিপি জাহিদ হোসেন বলেন, তিনি ২০০৯ সালে সরকারি কৌঁসুলি হিসেবে মামলাটি গ্রহণ করেন। নিহত জালালের স্ত্রীকে পুনরায় সাক্ষীর জন্য ডাকা হয়েছে। এ মামলার অভিযোগপত্রে ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।আদালত সূত্র জানায়, নিহত জালালের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ২৮ জানুয়ারি বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে মামলা পরিচালনার ক্ষেত্রে বাদীপক্ষকে আইনগত সহযোগিতা না করায় মামলা পরিচালনার দায়িত্বে থাকা তৎকালীন পিপিকে প্রত্যাহার করে নতুন পিপি নিয়োগের আদেশ দেন হাইকোর্ট।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, হাইকোর্টের ওই আদেশে ‘কোনো যৌক্তিক কারণ ছাড়া জালাল হত্যা মামলার কার্যক্রম মুলতবি না করার’ জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে তদন্ত কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে বলা হয়, তদন্ত শেষ করেই পুলিশের দায়িত্ব শেষ নয়। বাদী ও সাক্ষীদের আদালতে হাজির করা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা তদন্তকারী কর্মকর্তার বিধিবদ্ধ দায়িত্ব।সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মামলার বিচার-প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে আসামিরা জামিনে থাকলে অনেক ক্ষেত্রে সাক্ষীরা আদালতে আসতে ভয় পান। আবার আসামির দ্বারা প্রভাবিত হয়ে কিংবা বিচার-প্রক্রিয়া ঝুলে গেলে অনেক সময় সাক্ষ্য দিতে আসেন না সাক্ষীরা। তিনি বলেন, কেন সাক্ষীরা আদালতে আসছেন না, এ বিষয়গুলো খতিয়ে দেখা দরকার।১৯৯৯ সালের ১৯ মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি জালাল। এর ১২ দিন পর ৩১ মার্চ ডিবির কার্যালয়ের ছাদের পানির ট্যাংক থেকে জালালের গলিত লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করেন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান। তিনি ১৯৯৯ সালের ২৭ মে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাঁরা হলেন ডিবির তৎকালীন পরিদর্শক জিয়াউল আহসান, হাবিলদার মো. বিল্লাল, কনস্টেবল আবদুর রউফ, আনোয়ার হোসেন ও ডিবির গাড়িচালক আবদুল মালেক। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন ২০০৭ সালে মারা গেছেন। আবদুল মালেক পলাতক। অন্যরা জামিনে আছেন।