এক হাজার বন্দী মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত আছে প্রায় চার শ কারাবন্দীর তালিকা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য বাকি ছয় শ বন্দীর তালিকা নতুন করে প্রণয়ন করতে হবে। জানা যায়, দীর্ঘ সময় পর এক হাজার কারাবন্দীকে একসঙ্গে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা ২০ বছর ধরে জেল খাটছে তাদের মধ্য থেকে ভালো আচরণ ও আনুগত্য বিবেচনায় এসব কারাবন্দী নির্বাচন করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান দীর্ঘ মেয়াদে বন্দী থাকা আসামিদের মুক্তি দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান সিকদারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কারাবন্দীদের মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে। এর আগে গত শনিবার দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও অসুস্থ—এই পাঁচটি শ্রেণীর এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাদুঘর উদ্বোধন করতে যান।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা শাখা) কায়কোবাদ প্রথম আলোকে জানান, কারাবন্দীদের মুক্তির বিষয়ে ইতিমধ্যে তাঁরা তিনটি বৈঠক করেছেন। মুক্তি দেওয়ার মতো তাঁদের কাছে যে কারাবন্দীদের তালিকা রয়েছে, তার মধ্য থেকে অনেককেই ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। যে কারণে নতুন তালিকার প্রয়োজন রয়েছে। উপসচিব বলেন, ২০ বছর জেল খাটছে এমন কয়েদিদের নাম, ঠিকানা, বয়স, আচরণসহ সংশ্লিষ্ট সব তথ্য পাঠাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সারা দেশে ৬৮টি জেলখানা রয়েছে। এসব জেলখানায় ২৩ হাজার কয়েদি/হাজতি থাকার কথা থাকলেও বর্তমানে এই সংখ্যা ৭৩ হাজার। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা অসুস্থ ও বৃদ্ধদের প্রতিবছরই মুক্তি দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন তা অনুসরণ করা হয়নি।