এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির (শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পাওয়া) তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রাতে এই তালিকা চূড়ান্ত করার পর তা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে রাত একটায় এই প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় তালিকা প্রকাশের পর তা প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com) পাওয়া যাবে।প্রায় ছয় বছর পর সরকার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত জুন থেকে বেতনের সরকারি অংশ পাবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই তালিকা চূড়ান্ত করা হয়েছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও আন্তমন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায্যতা বিবেচনা করে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে যোগ্য বিবেচিত হলেও সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যায়নি। তিন-চার মাসের মধ্যে দ্বিতীয় দফায় যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী জানান, পিছিয়ে পড়া ও দুর্গম এলাকা এবং নারীশিক্ষার বিষয়টি বিবেচনা করে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপিওর শর্ত শিথিল করা হয়েছে। তবে চারটি নির্দিষ্ট শর্ত অনুসরণের সর্বাত্মক চেষ্টা হয়েছে। মন্ত্রণালয় ও এর অধীন ১২ কর্মকর্তা গোপনীয়তা রক্ষা করে তালিকা তৈরি করেছেন। ২০০৪ সাল থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধ ছিল। এই খাতে বর্তমান বাজেটে বরাদ্দ আছে ১১২ কোটি ৩৫ লাখ টাকা। আসন্ন বাজেটে এমপিও খাতে বরাদ্দ সাপেক্ষে দ্বিতীয় দফা তালিকা চূড়ান্ত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।