এক হাজারের জন্য একটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি রহমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষের ছাত্র। টিউশনির জন্য তাঁকে নিয়মিত শহরে যেতে হয়। এক দিন পড়ানো শেষ করে আসতে একটু দেরি হয়। এতে বাস মিস হয়ে যায় তাঁর। পরবর্তী কোনো ট্রিপ এবং কাছে টাকা না থাকায় চরম বিপদে পড়েন তিনি। বিব্রত হতে হলেও বাধ্য হয়ে ছাত্রের বাসায় গিয়ে রাত যাপন করতে হয় জেমিকে। পরিবহনসংকটে এভাবে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য একটিমাত্র বাস এবং শিক্ষকদের জন্য একটি মাইক্রোবাস ও একটি জিপ দিয়ে চলছে পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যক্রম। সব কটিই কলেজ আমলের। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা তিনগুণ বাড়লেও বাড়েনি পরিবহনের সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের অবস্থান শহর থেকে ছয় কিলোমিটার দূরে এবং শিক্ষার্থীদের অনেকে শহরে অবস্থান করায় সবাইকে নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সূত্রে জানা যায়, বিদ্যালয় হওয়ার পর নতুন কোনো পরিবহন যোগ হয়নি। সপ্তাহে ছয় দিন ক্যাম্পাস থেকে সিলেট শহরে সকাল-বিকেল নির্দিষ্ট রুটে চলাচল ছাড়াও শিক্ষা সফর, ব্যবহারিক ক্লাস, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন কাজে এ বাসটিই একমাত্র ভরসা। এসব কার্যক্রম চলার সময় নিয়মিত ট্রিপ বন্ধ থাকে। এ ছাড়া একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যবহূত হচ্ছে মাইক্রোবাসটি। বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে গিয়ে দেখা যায়, শহরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বাসে তিল ধারনের জায়গা নেই। অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউবা বাসের হাতল ধরে ঝুলে আছেন। শিক্ষার্থীরা এ অবস্থাকে নিত্যনৈমিত্তিক ব্যাপার বলে জানান। পরিবহন সংকটের বিষয়ে শেষ বর্ষের ছাত্র আতিকুল ইসলাম জানান, বাস একটি হওয়ায় সিট পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এ জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই বাসের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ছাত্র নওয়াজ শরীফ জানান, একটিমাত্র বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে অতিদ্রুত বাসের সংখ্যা বাড়ানো উচিত। ভারপ্রাপ্ত উপাচার্য আবদুল আউয়াল বলেন, পরিবহনের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন। আশা করি অচিরেই এ সমস্যার সমাধান হবে।