এক হাতেই রিকশার হাতল
বাংলামোটর মোড় থেকে মগবাজারের রিকশা পেতে ঝক্কি পোহাতে হয়। অথচ বলতেই এক রিকশাচালক রাজি হয়ে গেলেন। বাঁ হাতে ধরেছিলেন রিকশার একটা হাতল। জামার ডান হাতা ঝুলে আছে। একটু ভালো করে তাকাতেই আঁচ করা গেল, রিকশাচালকের ডান হাতটি নেই। ‘এক হাতে রিকশা চালান কীভাবে?’ এই প্রশ্ন শুনেই রিকশা ঘুরিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবু বলে-কয়ে তাঁর রিকশায় চড়া হয়। ‘প্রতি দিন পাঁচ-দশজন যাত্রী এক হাত বইলা আমার রিকশায় উঠতে গিয়া আবার ওঠে না। যারা প্রথমে হাতের কথা জিগায়, মনে হয়, তারা আমার রিকশায় উঠব না।’ অভিমান তাঁর কণ্ঠে।রিকশাচালক জহিরুল ইসলামের সঙ্গে এভাবেই কথা শুরু হয়। একে একে জানা হয়, ৩০ বছর বয়সী এই যুবকের বৃত্তান্ত। জহিরুলের বাড়ি বগুড়ার মহাস্থানগড়ের কলাকোপা গ্রামে। মা-বাবা আর পাঁচ ভাইবোন মিলিয়ে সাত সদস্যের সংসার। জহিরুলের কৃষক বাবা বড় সংসার চালাতে গিয়ে হিমশিম খান। তাই ১৫ বছরে পা রাখতেই কাজের খোঁজে ঢাকায় চলে আসেন তিনি। নবাবপুরের একটা কারখানায় লেদ মেশিনের কাজ শেখা শুরু করেন জহিরুল। কাজ শেখা শেষ করার আগেই মেশিনে তাঁর ডান হাতটা কাটা পড়ে। বাড়ি ফিরে যেতে হয় তাঁকে। চিকিৎসার জন্য সাত মাস কাটান বাড়িতে। অভাবের তাড়নায় বাড়িতে বসে খাওয়ার কোনো উপায় থাকে না। আবার জহিরুল ঢাকায় আসেন। গুলিস্তানের ফুটপাতে পান, বিড়ি ও সিগারেট বিক্রি শুরু করেন। সেখানে বছর চারেকের বেশি টিকতে পারেন না। ফুটপাতের ব্যবসায় একদিকে পুলিশি ঝামেলা, অন্যদিকে এক হাতে সব কাজ সামলানো দায় হয়ে পড়ে। তাই ওই ব্যবসা ছেড়ে রিকশা চালানো শুরু করেন। কিন্তু রিকশার মালিকেরা প্রথমে জহিরুলকে রিকশা দিতে চাননি। সবার শঙ্কা, এক হাতে রিকশা চালাবে কীভাবে? বছর দশেক ধরে বাঁ হাতে রিকশা চালিয়ে জহিরুল তাঁদের শঙ্কাকে ভুল প্রমাণ করেছেন।তবু এক হাতে রিকশা চালাতে গিয়ে ঢালু রাস্তা আর যানজটে পড়লে কিছুটা নাকাল হতে হয় তাঁকে। আবার মাঝেমধ্যে একমাত্র হাতটিতে ব্যথাও করে। তখন ওষুধ খেয়ে আবার হাতটি রিকশার হাতল ধরার উপযোগী করে তোলেন। কারণ, কাজ না করলে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাবেন কী করে। ‘বিয়ে করেছেন?’ এমন প্রশ্নে জহিরুল বলেন, ‘বিয়াশাদির আগে ভবিষ্যৎ নিয়া চিন্তায় আছি। কারণ, এক হাত দিয়া তো কষ্টের কাম বেশি দিন করন যাইব না। দেশে গিয়া যদি ছোটখাটো দোকান করতে পারতাম, তাইলে ভালো হইত। এ জন্য ৪০-৫০ হাজার টাকা লাগব, এত টাকা আমি কোথায় পাব!’ কেউ যদি জহিরুলকে সহায়তা করতে চান, তবে তেজগাঁও সাত রাস্তার পাশে বেগুনবাড়ীর দীপিকা মসজিদের আকিজ পাম্পের পেছনে মোহাম্মদ নজরুলের রিকশার গ্যারেজে তাঁর খোঁজ পাবেন। এই গ্যারেজের পাশেই থাকেন জহিরুল। তাঁর মোবাইল নম্বর: ০১৬৭৫১৩৮৪৪০।