শাড়ি আর গহনার সঙ্গে নতুন বউয়ের সুটকেসে যায় এই বইটাও। কিংবা বিদেশ যাওয়ার আগে মোটা ভারী এই বইটা নিতেই হবে। সিদ্দিকা কবীরের রান্না খাদ্য পুষ্টি বইয়ের সাহায্য নেননি এমন মানুষ কমই আছেন। সেই সিদ্দিকা কবীর শুরু করলেন টেলিভিশনে রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবীর’স রেসিপি নামে। শুধু রান্নার একটা অনুষ্ঠান এত জনপ্রিয় হতে পারে, সেটাও দেখালেন তিনিই। নয় বছর একই রকম জনপ্রিয়তা ধরে রেখে চালিয়ে গেছেন অনুষ্ঠানটি। তাঁর সঙ্গে ছিলেন অনুষ্ঠানটির নির্মাতা সারা যাকের আর উপস্থাপক শারমিন লাকি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে সিদ্দিকা কবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সারা যাকের বলেন, ‘টেলিভিশন অনুষ্ঠান করার অনেক প্রস্তাব আসত তাঁর কাছে। কিন্তু তিনি বলতেন, “অনুষ্ঠান করলে আমি সারার সঙ্গেই করব।” তাঁর এই অনুষ্ঠান দিয়েই আমার নির্মাতা প্রতিষ্ঠান ধ্বনি চিত্রের যাত্রা শুরু। মাঝে একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনও তাঁর চিন্তা ছিল ৩০০ পর্ব করা নিয়ে। একটু সুস্থ হয়েই জানালেন তিনি তৈরি।’ শারমিন লাকি বললেন, ‘তিনি পুষ্টি নিয়ে এত পড়াশোনা করেছেন। অথচ এ নিয়ে কোনো দিন কোনো অহংকার দেখিনি। যা বলতেন, সব জেনে-বুঝে ও নিশ্চিত হয়ে বলতেন। কিছু ভুলে গেলে বলতেন, এটা তো বই দেখে বলতে হবে। অনুষ্ঠানের আগে তাঁর এত প্রস্তুতি, আমাদের সবারই তাঁর থেকে শেখা উচিত। কোনো কিছুর বাহুল্য ছিল না তাঁর। কাজ আর পরিবার নিয়েই থাকতেন। আরও অনেক দিন তাঁকে প্রয়োজন ছিল।’সিদ্দিকা কবীর’স রেসিপি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এনটিভিতে।