একই অনুষ্ঠানে দুই নেত্রী, কথা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় একই সময়ে হাজির হলেন দুই দলের দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা অনুষ্ঠানে থাকলেও কথা হয়নি, কাছাকাছিও হননি।এর আগে ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছর বাদে গতকাল তাঁর এ আগমন নিয়ে কৌতূহল ছিল জনমনে। অনুষ্ঠানে আগত সবার দৃষ্টি ছিল দুই নেত্রীর দিকে।সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ছাড়াও তিন বাহিনীর পদস্থ কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, কূটনৈতিক মিশনের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অনুষ্ঠানে উপস্থিত হন বিকেল চারটার দিকে। তিনি মঞ্চের পাশে টানানো শামিয়ানার ভেতরে বসেন। এর পরপরই সেনাকুঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি সোজা অনুষ্ঠান মঞ্চে উঠে যান এবং জাতীয় সংগীতের পরই বক্তব্য শুরু করেন।সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে যাননি খালেদা জিয়া। ২০০৯ সালে সর্বশেষ দুজনের একসঙ্গে সেনাকুঞ্জে দেখা হয়, কুশল বিনিময়ও হয়। গতকাল খালেদা জিয়ার পাশে বসেছিলেন স্পিকার আবদুল হামিদ। তাঁকে স্পিকারের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রধানমন্ত্রী মঞ্চের বক্তব্য শেষ করে মূল শামিয়ানার নিচে চলে যান। একটু দূরে ছিলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী সেখান থেকে বের হয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে শুরু করেন। একপর্যায়ে খালেদা জিয়াও শামিয়ানার নিচ থেকে বের হয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে থাকেন। তবে দুজনে যান দুই পথে। কেউ কারও মুখোমুখি হননি।কিছুক্ষণ ঘুরে পৌনে পাঁচটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকেরা কয়েকবার খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি। খালেদা জিয়া চলে যাওয়ার ১৫-২০ মিনিট পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর বক্তব্য: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়েছে। এর আওতায় সেনাবাহিনীর জন্য এমবিটি ২০০০ ট্যাংক, সেলফ প্রপেল্ড গান, উন্নত রাডার, হেলিকপ্টার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, টি-৬৯ ট্যাংকসহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর বহরের জন্য একটি সার্ভে জাহাজ, আধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও উপকূলীয় টহল জাহাজ, দুটি মেরিটাইম হেলিকপ্টার, দুটি টহল এয়ারক্রাফট, দুটি ফ্রিগেট কেনা হচ্ছে। সাবমেরিন কেনার বিষয়টির প্রক্রিয়া বিবেচনাধীন আছে। তিনি জানান, বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন জঙ্গি বিমান, হেলিকপ্টারসহ স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এ ছাড়া বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে এফ-৭ বিজিআই যুদ্ধবিমান ও এমআই-১৭১ হেলিকপ্টার।পিলখানা বিদ্রোহ: প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৮ হাজার ৫২০ জন জওয়ানকে বিশেষ আদালত ও প্রশাসনিক বিচারের আওতায় আনা হয়েছে। ফৌজদারি মামলার বিচারও দ্রুত শেষ করা হবে।দিবস উদ্যাপন: নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা ও বিমানঘাঁটিতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। পরে তিন বাহিনীর প্রধানেরা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁরা বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।