একই অ্যালবামে আশা, সনু, জাভেদ কুমার বিশ্বজিৎ ও সামিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তিনজন শিল্পী আশা ভোঁসলে, সনু নিগম ও জাভেদ আলী এবং বাংলাদেশের দুজন শিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীকে নিয়ে বাংলা মিশ্র অ্যালবাম তৈরি করছেন গীতিকার জুলফিকার রাসেল। অ্যালবামে সনু নিগম, জাভেদ আলী, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী প্রত্যেকে দুটি করে গানে কণ্ঠ দিচ্ছেন। একটি গানে কণ্ঠ দেবেন আশা ভোঁসলে। অ্যালবামের ছয়টি গানের সুর করেছেন ভারতের জয় সরকার ও একটি গানে রূপঙ্কর বাগচী। বাকি দুটি গানের সুরকার বাংলাদেশের পিলু খান। বেশির ভাগ গানের সংগীতায়োজনের কাজটা করা হয়েছে মুম্বাইয়ে।মুম্বাই থেকে ফিরে সোমবার জুলফিকার রাসেল জানান, মুম্বাইয়ের স্পেক্টাল হারমোনি এবং সরলতা স্টুডিওতে সনু নিগম এবং জাভেদ আলীর গাওয়া গানগুলোর ধারণ কাজ শেষ হয়েছে। ২২ অথবা ২৩ নভেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতে আশা ভোঁসলের কণ্ঠ দেওয়ার কথা আছে। বাকি কাজগুলো হবে ঢাকার স্টুডিওতে। জুলফিকার রাসেল বলেন, ‘প্রায় বছর দুয়েক ধরে অ্যালবামটির পরিকল্পনা করছি। আসছে ইংরেজি নববর্ষ অথবা ভালোবাসা দিবসে অ্যালবামটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে প্রকাশ করা হবে।’ এদিকে ৮ নভেম্বর সকালে মুম্বাইয়ে জুহু বিচের কাছে আশা ভোঁসলের বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সামিনা চৌধুরী ও জুলফিকার রাসেল। অ্যালবামটির যৌথ পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং জেমকন গ্রুপ।