একই ছবিতে অনেক তারকার গান
নতুন ছবি মুক্তি পেলে সাধারণত প্রশ্ন করা হয়, ছবিতে কে কে অভিনয় করেছেন? এবার সেই প্রশ্নের পাশাপাশি যোগ হয়েছে আরও একটি প্রশ্ন। ছবিতে গান গেয়েছেন কে কে? এমন প্রশ্ন অস্বাভাবিক নয়। কারণ, একই ছবিতে এই সময়ের জনপ্রিয় কয়েকজন শিল্পী যেমন কণ্ঠ দিয়েছেন, তেমনি গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন যাঁরা, তাঁরাও জনপ্রিয়। ছবির নাম আই লাভ ইউ। ছবিটিতে গান গেয়েছেন হাবিব, হূদয় খান, এস আই টুটুল, ন্যান্সি, কনা ও সোনিয়া। আর গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল, ইমন সাহা, হাবিব ও হূদয় খান। একসঙ্গে এত তারকার সমাবেশ? ছবির পরিচালক মুশফিকুর রহমান গুলজার বললেন, ‘ছবিতে আমি ছয়টি ভালো গান ব্যবহার করতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে, এই গানগুলোতে কণ্ঠ দেবেন এই সময়ের জনপ্রিয় শিল্পীরা। হয়েছেও তাই। এরই মধ্যে হূদয় খানের গাওয়া “আমি মানুষ নাকি” গানটি দারুণ জনপ্রিয় হয়েছে। হাবিব আর ন্যান্সির গানটিও শ্রোতাপ্রিয়তা পেয়েছে।’ জানা গেছে, সাধারণত একই ছবিতে হাবিব ও হূদয় খানের সুর কিংবা গান গাওয়া হয় না। সেদিক থেকে আই লাভ ইউ ব্যতিক্রম। হাবিব ও হূদয়ের সুর করা গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান, পূর্ণিমা, নিরব, রেসিসহ আরও অনেকে। আজ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।