একই দিনে মুখ খুলল দুই দেশ
টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোনো ধরনের উদ্বেগ ও ভুল বোঝাবুঝি এড়াতে ভারতের ‘স্বচ্ছতা’র সঙ্গেই বাংলাদেশকে তথ্য দেওয়া উচিত। আর ভাটির দেশ হিসেবে বরাকসহ যেকোনো নদীতে কোনো অবকাঠামো তৈরির ক্ষেত্রে বাংলাদেশকে আগে জানানোটা জরুরি।ভারতের মণিপুরের বরাক নদে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সইয়ের খবর প্রকাশের চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের এ অবস্থান তুলে ধরে। এর আগে গতকাল দুপুরে ভারতের পক্ষ থেকেও প্রথম প্রতিক্রিয়া জানানো হয়। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি মনমোহন সিংয়ের পুরোনো প্রতিশ্রুতিরই পুনরুল্লেখ করেন, নতুন কিছু বলেননি।গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, টিপাইমুখ বাঁধ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যই সর্বশেষ নতুন তথ্য। এর বাইরে বাংলাদেশ সরকারের কাছে ভারত কোনো তথ্য দেয়নি বলে প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন হাইকমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, তার সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ অভিন্ন নদীতে অবকাঠামো তৈরির আগে ভাটির দেশের সঙ্গে আলোচনার ওপর জোর দিতে চায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিবেচনায় বাংলাদেশ আশা করে, ভারত সরকার প্রস্তাবিত প্রকল্পের সব বিষয়ে এবং এ সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে জানানো হবে। বাংলাদেশের উদ্বেগ কিংবা এ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টিপাইমুখের জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা (এসজেভিএন) ও রাজ্য সরকারের মধ্যে গত ২২ অক্টোবর যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে।’বাংলাদেশের উদ্বেগ দূর করতে ভারত সরকারের আমন্ত্রণে ২০০৯ সালের জুলাই মাসে সাংসদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় দলের দিল্লি সফরের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন। তিনি বলেন, সে সময় সুস্পষ্টভাবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটিতে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। কিন্তু সেচ কাজের জন্য নদীর গতিপথ পাল্টে দেওয়া হবে না।ওই মুখপাত্র বলেন, ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মনমোহন সিং তাঁকে এই বলে আশ্বস্ত করেন যে বাংলাদেশের ক্ষতি হয়, এমন পদক্ষেপ ভারত সরকার নেবে না। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ও তিনি একই আশ্বাস দেন।সিলেটে হরতাল: সিলেট অফিস জানায়, টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে ১ ডিসেম্বর সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল জেলা ও নগর বিএনপি স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ নভেম্বর বেলা দুইটায় নগরের কোর্ট পয়েন্টে গণজমায়েতের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে। ২৬ নভেম্বর জেলার প্রতিটি উপজেলা ও থানায় মিছিল-সমাবেশ হবে। ২৭, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর যথাক্রমে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরে বিক্ষোভ সমাবেশ-মিছিল। আর ১ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী। তিনি বলেন, ‘ভারতীয়রা এবং সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রতি শুধু “বিগ ব্রাদারসুলভ” আচরণই করছেন না, তাঁরা আমাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতায় অবতীর্ণ হয়েছেন। আমরা ভারতীয়দের এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারতের চুক্তির প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠন প্রতিবাদ-বিক্ষোভ করেছে। গতকাল ‘নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠন নগরের একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সভা করে আজ বুধবার কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। একই দিন সুরমা নদীতে নৌকায় চড়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’। সংগঠনের কার্যালয়ে গতকাল বিকেলে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা জানান, টিপাইমুখে বাঁধ হলে সিলেট অঞ্চলের নদীর ওপর সবচেয়ে বড় আঘাত আসবে—এ আশঙ্কায় সুরমা নদীতে নৌকায় চড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানানো হবে।‘সিলেট সাংস্কৃতিক পরিষদ’ নামের অপর একটি সংগঠন প্রতিবাদ সভা করে টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের একতরফা চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট টিপাইমুখে বাঁধ নির্মাণসহ সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সভা করে।