একই ধরনের গেঞ্জি পরে ৩৭ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে একটি তৈরি পোশাক কারখানার হিসাবরক্ষককে গুলি করে প্রায় ৩৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে মাতুয়াইল কাঠেরপুলে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী যুবকের সবার পরনে একই ধরনের গেঞ্জি ছিল। পুলিশ জানায়, মাস্টার গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের এ প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন দেওয়ার জন্য গতকাল এ টাকা তোলা হয়। ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হিসাবরক্ষক খায়রুল হোসেন চৌধুরীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সাধারণত ব্যাংক থেকে ১০ লাখ টাকার ওপরে তুললেই পুলিশ সহায়তা দিয়ে তা পৌঁছে দেয়। কিন্তু এ পোশাক কারখানার মালিক পুলিশকে না জানিয়ে টাকা উত্তোলন করেন। তিনি জানান, এ ঘটনায় ৩৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে। স্থানীয় সূত্র ও যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মতিঝিলে একটি ব্যাংকের প্রধান শাখা থেকে ৩৬ লাখ ৮০ হাজার টাকা তুলে একটি প্রাইভেট কারে চড়ে কারখানার পরিচালক হুমায়ুন কবীর, কর্মচারী সেলিম ও হিসাবরক্ষক খায়রুল মাতুয়াইলে ফিরছিলেন। মাতুয়াইল কাঠেরপুল এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। দুপুর দুইটার দিকে তাঁদের গাড়িটি কাঠেরপুল পৌঁছালে সাত-আটটি মোটরসাইকেলে করে ১০-১২ জন সন্ত্রাসী গাড়িটির গতি রোধ করে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় সন্ত্রাসীরা খায়রুল হোসেনের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হিসাবরক্ষকের পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির কর্মচারী সেলিম রেজা সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের প্রত্যেকের পরনে ছিল একই ধরনের গেঞ্জি। ঘেরাও করার পর তারা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের গুলিতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তারা কারখানার পরিচালক হুমায়ুন কবীরকেও মারধর করে। কারখানার শ্রমিকেরা জানান, পোশাক কারখানাটির মালিক মাহাবুবুর রহমান। এ প্রতিষ্ঠান ছাড়াও তাঁর আরও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মতিঝিলে ডিআইটি সড়কে প্রতিষ্ঠানটির একটি প্রধান কার্যালয় রয়েছে। কর্মচারীদের ধারণা, ছিনতাইকারীরা গাড়িটিকে মতিঝিল থেকে অনুসরণ করেনি। তাঁরা মনে করেন, আশপাশ থেকে কেউ একজন এ খবর সন্ত্রাসীদের জানিয়ে দিয়েছে। সূত্র জানায়, আহত খায়রুল স্ত্রী ও দুই সন্তান নিয়ে শাহজাহানপুর এলাকায় থাকেন। প্রায় ২০ বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করছেন।