একই নাটকে বিপাশা ও তিশা
বিপাশা হায়াত ও তিশা—দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী। তিশা এখন নিয়মিত অভিনয় করছেন, তবে বিপাশা হায়াত ইদানিং অভিনয় করছেন বেছে বেছে। নাটক রচনার পাশাপাশি ‘বিপাশার অতিথি’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন। এবারই প্রথম একই নাটকে অভিনয় করছেন বিপাশা ও তিশা। নাম ‘ফেলে আসা লাল গোলাপ’। এ দুজন অভিনয়শিল্পী ছাড়া নাটকে আর কোনো চরিত্র নেই। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। লিখেছেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেছেন জাফর আল-মামুন।গল্পে দেখা যাবে, মালা একজন কলেজ শিক্ষিকা। প্রতিবারের মতো এবারও রাত ১২টায় তাঁর জীবনে ঘটে যাওয়া সবচেয়ে স্মরণীয় অথচ হূদয়বিদারক ঘটনা স্মরণ করার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তার আগ মুহূর্তে তাঁরই ছাত্রী মৌ আসে তাঁর বাসায়। এত রাতে বাসায় আসার কারণ জানতে পেরে আঁঁঁতকে ওঠেন শিক্ষক। মৌয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা যেন মালার জীবনেরই প্রতিচ্ছবি। মালা ভেবে উঠতে পারে না দুটি জীবনের ঘটনা কেমন করে মিলে যায়। এ নিয়েই নাটকের গল্প। মালার চরিত্রে বিপাশা হায়াত এবং মৌ চরিত্রে অভিনয় করেছেন তিশা। জানা গেছে, ‘ফেলে আসা লাল গোলাপ’ নাটকটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।