প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬টি খেলায় ৩২০টি ইভেন্ট। লন্ডন অলিম্পিকে পদকের জন্য লড়বেন প্রায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী। তবে বিজয়মঞ্চে ওঠার সৌভাগ্য সবার হবে না। এই সত্য জেনেও ছুটে এসেছে মানুষ, যেমনটা বারবার আসে। নানা জাতির, নানা বর্ণের, ধনী-গরিব, লম্বা-বেঁটে। সমাজ, সংস্কৃতির বৈচিত্র্যটা আরও বড়। কেউ এসেছেন তুষারাবৃত অঞ্চল থেকে, তো কেউ উষর মরুর দেশ থেকে। অলিম্পিক সবাইকে এক স্রোতে মিলিয়ে দেয়। অলিম্পিকের শাশ্বত চেতনায় উজ্জীবিত সবাই। শত্রুতা নয় বন্ধুতা, লড়াই নয় প্রতিযোগিতা, জয় নয় অংশগ্রহণ—এই মন্ত্রই সবাইকে নিয়ে আসে একই পতাকাতলে। যে স্বপ্ন বহু যুগ আগে দেখেছিলেন ব্যারন পিয়েরে দ্য কুবার্তিন, আর একবার সেটিকে যথার্থ প্রমাণ করে লন্ডনে বসছে ত্রিশতম অলিম্পিক। বৈচিত্র্যময় এই পৃথিবীতে যা সাম্যের বিশুদ্ধ প্রতীক।