একই পথের যাত্রী
সহাস্যে দুঙ্গা-ম্যারাডোনার করমর্দন। দাড়িগোঁফবিহীন ম্যারাডোনার ছবিটাই বলে দিচ্ছে, ব্রাজিল আর আর্জেন্টিনার কোচ হিসেবে দুজনের এই উষ্ণ করমর্দন পুরোনো ঘটনা। ছবিটা আসলে তোলা হয়েছিল গত বছর সেপ্টেম্বরে, ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলার আগে। তবে কোচ হিসেবে দুজনের পরিণতি পুরোনো ছবিটাকেই অনেক বেশি ‘সাম্প্রতিক’ করে তুলল। যেন ম্যারাডোনাকে দুঙ্গা বলছেন, ‘বন্ধু, তুমি আমি এখন একই পথের পথিক।’ একই পথের যাত্রী হিসেবে দুজনকে কল্পনা করা আসলেই কঠিন। দুজনের মধ্যে যে মিল খুঁজে বের করাই দুষ্কর। আচার-আচরণ, কথাবার্তা, বেশভূষা, জীবন ধারণের স্টাইল, দর্শন—মিল নেই কোনো কিছুতেই। দুজনে অধিনায়ক হিসেবে জিতেছিলেন বিশ্বকাপ। এ ছাড়া আরেকটা বড় মিল বোধ হয়, দুজনে নিজের মুণ্ডু পেতে দিয়েছিলেন বলির বেদিতে। আর্জেন্টিনা আর ব্রাজিল দলের কোচ হওয়ার যে অন্তহীন চাপ, ছায়াসঙ্গী হয়ে থাকা জ্বালা-যন্ত্রণা; স্বেচ্ছায় তা বরণ করে নেওয়া মানেই তো আত্মবলিদানের প্রস্তুতি! এই মিলটুকু বাদ দিলে আবারও সেই অমিলের মিছিল। একজন দুর্দান্তভাবে দলকে পার করলেন বাছাইপর্ব। আরেকজন চূড়ান্ত পর্বে পৌঁছালেন খোঁড়াতে খোঁড়াতে। বিশ্বকাপের শেষ পরিণতিতে একটা মিল থাকল—দুজনের দলই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু এই মিলের মধ্যেও অমিল। দুঙ্গা-অধ্যায় শেষ হয়ে গেল সেদিনই আর আর্জেন্টিনায় ফিরে ম্যারাডোনা পেলেন উষ্ণ অভ্যর্থনা। তাঁকে কোচ হিসেবে রেখে দেওয়া নিয়ে দেশজুড়ে সে কী আলোড়ন! মিল-অমিলের অঙ্কে শেষ পর্যন্ত মিলেই সমাপ্তি। দুঙ্গার পথে শেষ পর্যন্ত যে হাঁটতে হলো ম্যারাডোনাকেও।