একই পরিবারের আটজনসহ নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে ভুল পাশ (রং সাইড) দিয়ে বেপরোয়া গতিতে চলছিল বাস। বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস মুখোমুখি হতেই সংঘর্ষ। মাইক্রোবাসের পুরোটাই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের আটজনসহ মাইক্রোবাসের ১৩ আরোহী। আহত হন বাসের ১৫ যাত্রী।ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।একই পরিবারের নিহত ব্যক্তিরা হলেন: দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের লালপুর এলাকার ওয়ারিস আলী (৬৫), তাঁর স্ত্রী পেয়ারা বেগম (৫০), ছেলে বাবুল মিয়া (৩৬), বাবুলের স্ত্রী হাজেরা বেগম (২৮), এ দম্পতির তিন শিশুসন্তান সালমান (৯), আল আমীন (১১) ও ফাতেমা (৭) এবং বাবুলের ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম (৩৫)। এ ছাড়া প্রাণ হারান ওয়ারিস আলীর জামাতা আবদুল করিম (৩৫), ওই পরিবারের আত্মীয় দক্ষিণ সুরমার চৌধুরীগাঁওয়ের জামাল উদ্দিন (২৮), বিটুয়ার মুখ এলাকার রফিক মিয়া (৫০), লালাবাজারের সুফিয়া বেগম (৩০) এবং মাইক্রোবাসের চালক হিরণ মিয়া (২৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ওয়ারিস আলীর ভাগনে শেখ মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, ওয়ারিসসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে তাঁরা সপরিবারে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে এসে ভোরে সিলেট রেলস্টেশনে নামেন তাঁরা। এরপর রেলস্টেশন থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি ফিরছিলেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রীরা জানান, তাঁরা হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ওরসে যাওয়ার জন্য লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে গ্রামীণ পরিবহনের বাসটি ভাড়া করে নিয়ে আসেন। বাসে নারী-পুরুষসহ ৫৫ জন যাত্রী ছিলেন। চালক প্রথম থেকে দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা কয়েকবার চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। দুর্ঘটনাস্থলের কিছুটা আগে থেকে চালক সড়কের বাঁ পাশ ছেড়ে ডান পাশ দিয়ে বাস চালাতে থাকেন। যাত্রীরা এর কারণ জানতে চাইলে চালক জানান, রাস্তার বাঁ দিক ভাঙাচোরা। এর কিছুক্ষণের মধ্যেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ মাইক্রোবাসের সব আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন বাসের সামনের দিকের আসনের যাত্রীরা।দুর্ঘটনার পর পরই আশপাশের এলাকার শত শত লোক সড়কে অবস্থান নেয়। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসের একাংশ ভাঙচুর করে। এ ছাড়া মহাসড়ক দিয়ে চলাচলকারী পাঁচটি অটোরিকশাও ভাঙচুর করে তারা। অবরোধের কারণে সকাল সাতটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম সাবেরা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ সময় জেলা প্রশাসক নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।ঘটনাস্থল পরিদর্শন করে সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া জানান, বাসটি চলছিল রং সাইড দিয়ে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে।