একই পরিবারের চারজন দগ্ধ, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে আগুনে পুড়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে রোদেলা (৪) নামের এক শিশু মারা গেছে। ওই এলাকার শাপলা ক্লাবের পাশে একটি বসতঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলো রোদেলার বাবা জাকারিয়া (৩৫), মা নাসরিন (২৫) ও ভাই মোস্তাকিম (২)। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে ওই বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভানোর পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রোদেলা ও তার পরিবারের সদস্যদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রোদেলার মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক মৃণাল দাশ প্রথম আলো ডটকমকে জানান, হাসপাতালে আনার পরপরই শিশু রোদেলা মারা যায়। অন্যদের অবস্থা গুরুতর। তাদের শরীরের ৫০ ভাগের বেশি পুড়ে গেছে। গরম বাতাসে শ্বাস নেওয়ার কারণে শরীরের ভেতরেও ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।