রাজধানীর অদূরে কেরানীগঞ্জের কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তাঁদের মধ্যে নয়জন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির সর্দারের পরিবারের সদস্য ও আত্মীয়। বাকি দুজন গৃহকর্মী ও একজন গাড়িচালক। নিহত যাত্রীরা হলেন: ইউপি চেয়ারম্যান জাকির সর্দারের স্ত্রী বেবী সর্দার (৪৪), মেয়ে নবম শ্রেণীর ছাত্রী দিলরুবা আক্তার (১৩), জাকিরের বড় বোন ফেরদৌসী বেগম (৪৭) ও তাঁর ছেলে সায়েম হাসান (১৫), জাকিরের ছোট বোন রোজিন (৩৩) ও তাঁর স্বামী সাউথইস্ট ব্যাংক মতিঝিল শাখার কর্মকর্তা রেজাউল আমিন (৩৮), তাঁদের ছেলে ইয়াশ (৮) ও মেয়ে ইশরা (২), জাকিরের মেজো বোন ফাতেমার মেয়ে তাজরিয়া (১২), গৃহকর্মী কোহিনূর (১৫) ও খুশি (১৪) এবং গাড়িচালক সোহেল রানা (৩৫)।কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে ১৩ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১০-১১ বছরের একটি মেয়ে বেঁচে গেছে। ওই মেয়েটির নাম স্বপ্না বলে জানা গেছে। এ ছাড়া বাসের আরও চারজন যাত্রী আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মিজানুর রহমান বলেন, রাজেন্দ্রপুর বাজার অতিক্রম করার পর তাঁর সামনে একটি মিনিবাস দেখতে পাচ্ছিলেন তিনি। দ্রুতগতির মাইক্রোবাসটি তাঁকে অতিক্রম করে মিনিবাসটিকে অতিক্রম করার সময় রাস্তার ডান পাশে চলে যায়। তখনই বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির সঙ্গে বিকট শব্দে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ছিটকে রাস্তার পাশের প্রায় ১০ ফুট নিচু খাদে পড়ে যায়। আর সজোরে ব্রেক কষার পরও চাকা হেঁচড়ে বাসটির মুখ খাদের দিকে ঘুরে যায়। একটি গাছের সঙ্গে আটকে গিয়ে বাসটি খাদে পড়া থেকে রক্ষা পায়।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খাদে পড়ে থাকা মাইক্রোবাসের চারধারের মাটি ভিজে গেছে রক্তে। মাইক্রোবাসটির সামনে থেকে মাঝ পর্যন্ত পুরো ছিন্নভিন্ন। রাস্তা আর খাদে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গাড়িটির ভাঙা কাচ, প্লাস্টিক আর ধাতব টুকরা। বাসের গায়ে লেগে রয়েছে মানুষের রক্ত-মাংসের চিহ্ন।পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নিহত হয় ১০ জন। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিদের সহায়তায় লাশগুলো উদ্ধার করে পুলিশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায়। সেখানে একবার জানাজার পর আত্মীয়স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়। স্বজনদের অনুরোধে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়নি।জাকির সর্দারের মামাতো বোন ডালিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁদের তিন বোন পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে থাকেন। প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে ছেলেমেয়েদের নিয়ে আরশিনগরে গ্রামের বাড়িতে বেড়াতে যান তাঁরা। এবারও সেখানে যাওয়ার পথেই লাশ হতে হলো তাঁদের।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হবে।নিহত যাত্রীদের মধ্যে ফেরদৌসী বেগম ও তাঁর ছেলে সায়েম হাসানের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ফেরদৌসী বেগমের আরেক ছেলে বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাঈদ হাসান বর্তমানে জাতিসংঘের শান্তি মিশনে কঙ্গোতে কর্মরত রয়েছেন। তাঁকে খবর দেওয়া হয়েছে। তিনি ফিরলেই লাশ দাফন করা হবে। রেজাউল করিম, তাঁর স্ত্রী রোজিন, ছেলে ইয়াশ ও মেয়ে ইশরাকে মিরপুরে দাফন করা হয়েছে। জাকির সর্দারের স্ত্রী বেবী সর্দার, মেয়ে দিলরুবা, ভাগনি তাজরিয়া, দুই গৃহকর্মী কোহিনূর ও খুশির লাশ লঞ্চে শরীয়তপুরের ভেদরগঞ্জে পাঠানো হয়েছে। চালক সোহেল রানার লাশ মুন্সিগঞ্জে নিয়ে গেছেন তাঁর ভাই আক্তার হোসেন।আহত গৃহকর্মী স্বপ্না সংজ্ঞাহীন অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির পাশে রয়েছেন বাবুল দেওয়ান নামের কেরানীগঞ্জের এক ব্যক্তি। বাবুল বলেন, দুর্ঘটনার পর তাঁরা কয়েকজন স্থানীয় মাইক্রোবাসের ভেতর থেকে নিথর দেহগুলো বের করছিলেন। এ সময় মাইক্রোবাসের পেছন দিকের আসন আর সিলিন্ডারের মধ্য থেকে মেয়েটিকে বের করেন তিনি। মেয়েটির শরীরে প্রাণের অস্তিত্ব পেয়ে তিনি দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা পর্যন্ত মেয়েটির পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। মেয়েটির কোনো স্বজনও আসেনি। মেয়েটির যাবতীয় চিকিৎসা-ব্যয় মেটাচ্ছেন বাবুল।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসটি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। নিহত চালক সোহেল রানা ডিসিসির গাড়িচালক। স্বজনেরা জানান, নিহত রেজাউলের দুলাভাই ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা (উপসচিব) ইমদাদুদ দস্তগীর মাইক্রোবাসটি ব্যবস্থা করে দেন।রেজাউল আমিনের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাইখাল গ্রামে। চালক ছাড়া বাকি সবার বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার আরশিনগরে।