একই পেশায় স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে দাম্পত্য সম্পর্ক অন্যদিকে পেশা। বিশেষ করে একই পেশা হলে অনেক সময় সম্পর্কের টানাপোড়েন হয়। পেশাদারিত্ব ছাড়িয়ে ব্যক্তিত্বের সংঘাত ঘটে। সুবিধাও নেহাত কম নয়। একই পেশায় রয়েছে এমন কিছু দম্পতির সঙ্গে কথা হয়। সে সূত্রে জেনে নেওয়া যাক স্বামী-স্ত্রীর একই পেশায় কাজ করার সুবিধা ও অসুবিধার কথাইতিবাচক প্রতিযোগিতা হতে হবেইউনিভার্সিটি ডেন্টাল কলেজে একই সঙ্গে প্রভাষক হিসেবে কাজ করছেন দন্তচিকিৎসক আসফিয়া হায়দার ও সামিউল হাসান। তাঁদের মতে, একই পেশায় স্বামী-স্ত্রী থাকলে সমস্যার চেয়ে সুবিধাই বেশি। আসফিয়া হায়দার বলেন, ‘স্বামী-স্ত্রী চিকিৎসক হলে তাঁদের কর্মক্ষেত্র, কাজের সময় নিয়ে সমস্যা তৈরি হয় না। আমাদের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। চিকিৎসাবিজ্ঞানের পড়া দলগতভাবে পড়লে ভালো হয়। আমরা দুজন মিলে একসঙ্গে পড়াশুনা করি। চেম্বার থেকে ফিরতে রাত হলে কখনোই জবাবদিহির সম্মুখীন হতে হয় না। কারণ আমরা জানি আমাদের পেশায় এমনটি হতেই পারে। তবে একই পেশায় থাকলে একধরনের প্রতিযোগিতা থাকে। এটিকে ইতিবাচক হিসেবে দেখি। এতে করে নিজের উন্নতি করা যায়। কিন্তু সেই প্রতিযোগিতা যদি ব্যক্তিকে আত্মকেন্দ্রিক করে ফেলে তাহলে সমস্যার সৃষ্টি হবে। একজনের সাফল্যকে আরেকজনের সাফল্য মনে করতে হবে। সে তো আমারই অংশ, আমিও তার।’এই কথার সঙ্গে একমত প্রকাশ করেন চিকিৎসক সামিউল হাসানও। তিনি বলেন, ‘আমাদের দুই জনের পারস্পরিক বোঝাপড়া ভালো। সে কারণে অপারেশন করার সময়ও সেই সুবিধাটা পেয়ে থাকি। কোনটা কীভাবে করতে চায়, কিসের পরে কী করবে সেটা আমি বুঝি। ফলে চিকিৎসা দিতেও সুবিধা হয়। অনেকে আমার সামনে স্ত্রীর প্রশংসা করে, তখন ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় আমিও তো এটি ভালো পারি। একে অন্যের সমালোচনাও করি। একই পেশায় না থাকলে তা করতে পারতাম না। এতে নিজেকে শুধরে নেওয়া যায়। আর ওর যেকোনো অর্জনে গর্বিত হই। সবারই তা করা উচিত।’সমঝোতা থাকতেই হবে‘পরিচয়টা হয়েছিল বিশ্ববিদ্যালয় জীবনে। আলাদা বিভাগে পড়তাম। দুজন একই সংগঠনে কাজ করতাম। ধীরে ধীরে ভালো লাগা তৈরি হয়। পড়াশোনা শেষে পারিবারিকভাবে বিয়েটাও সেরে ফেলি।’ বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহনুমা (ছদ্মনাম), ‘তুলনামূলকভাবে আমার পরীক্ষার ফল ভালো হয়েছিল। সহজেই আমি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। সমস্যাটা শুরু হয় আরও পরে। ও তখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করত। আমার পিএইচডির সুযোগ আসে। ওকে বললাম, তুমিও চেষ্টা করো। দুজনই একসঙ্গে পড়তে যাব। সে সময় ওর থেকে ইতিবাচক কোনো সাড়া এল না। বুঝতে পারলাম, ও আমার সাফল্যকে মানতে পারছে না। হীনম্মন্যতায় ভুগছে। নিজেই উদ্যোগী হলাম এই টানাপোড়েন দূর করতে। ওর সঙ্গে খোলাখুলি কথা বললাম। ও ওর খারাপ লাগার কথাটা স্বীকার করল। আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব ওকে নিয়ে হাসিঠাট্টা করে। ওর আত্মমর্যাদায় আঘাত লেগেছে। আমি সব বুঝিয়ে বললাম, আমার কোনো দোষ আছে কি না। এতে করে সমস্যা কমে এল। সে-ই পরে উৎসাহিত করল আমাকে পড়তে যেতে। বছর দুয়েক পরে আমার স্বামীও এল। পিএইচডি শেষে দেশে ফিরে আসলাম। ও শিক্ষক হিসেবে আমার চেয়ে বেশি জনপ্রিয়। বিষয়টিকে আমি উপভোগ করি। দুজনই অনায়াসে কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা করি। তবে যা-ই হোক না কেন, পেশাদারিটা থাকা উচিত। তাহলে সমঝোতার মাধ্যমে যেকোনো অসুবিধা কাটিয়ে ওঠা যায়।’অসুবিধার চেয়ে সুবিধাই বেশি‘একই অফিসে একই পেশায় স্বামী-স্ত্রী কাজ করার সুবিধাই বেশি। আমার অনেক বন্ধুর কাছে শুনি, অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্তির কারণে নিজেদের মতো করে সময় কাটাতে পারে না। সেই সুবিধাটা পাই আমরা। দুপুরের খাবারটা অন্তত একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। সারাক্ষণ দেখা হয়। তবে অফিসের সময় সহকর্মী হিসেবেই দেখি।’ বললেন একটি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক মুনিয়া (ছদ্মনাম), ‘আমরা দুজনই যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছি, তাই কারও বিষয়ে কেউ হস্তক্ষেপ করি না। ব্যক্তিস্বাধীনতা আছে দুজনেরই। দাম্পত্যকলহ কখনো অফিসে নিয়ে আসি না। আমার স্বামী আমার থেকে পেশাগত দিক থেকে অভিজ্ঞ। কোনো সমস্যায় পড়লে ওকে বলি। ও আমাকে আশ্বস্ত করে, বুঝিয়ে বলে। একই পেশায় না থাকলে এটি সম্ভব হতো না। এসব ক্ষেত্রে অফিসের অন্যান্য সহকর্মীরও ভূমিকা রয়েছে। তাদেরও উচিত আমাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরঞ্জিত কিছু না বলা। এটি পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। সেটি সবার খেয়াল রাখতে হবে।’ একই প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে কাজ করছেন আরাফাত (ছদ্মনাম)। ‘স্ত্রী মুনিয়ার সঙ্গে অফিসে সহকর্মীসুলভ আচরণ করে থাকি। কাজের ক্ষেত্রে দুজন কাজ করলে সুবিধাই বেশি হয়। আলাদা করে কিছু বোঝাতে হয় না। আমার কোনো সফলতায় ও খুবই খুশি হয়। ওর যেকোনো সাফল্যে আমার ভালো লাগে। বলেন আরাফাত। ‘অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত সর্ম্পকও পেশাকে মিলিয়ে ফেলা হয়। স্বামী-স্ত্রী হলেও আমরা আলাদা দুটি মানুষ, সত্তা আলাদা। সবাই এটি মনে রাখলে আরও বেশি পেশাদারি মনোভাব তৈরি হবে। দুজনের কাজ, যোগ্যতা আলাদা করে বিচার করতে হবে। কর্মক্ষেত্র একই হওয়ায় ওর কোনো সমস্যা হলে সেটি আমি সহজে বুঝতে পারি। অন্য কোথাও কাজ করলে সেটি এত সহজে বোঝা যেত না। তবে স্ত্রী সাংবাদিক না হয়ে অন্য কোনো পেশা যেমন বিজ্ঞানী বা হিসাবরক্ষক হলে আমাকে আরও গুরত্ব দিত (মজা করে বলেন)। আমার সৃজনশীলতা দেখে হয়তো মুগ্ধ হয়ে যেত। যা এখন হয় না।’ বলেন আরাফাত।