একই ভবনে দোকান কারখানা বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কারখানায় আগুন নিয়া কাম করি। এমন কাণ্ড দেখি নাই। আগুন লাগে আর নিভাইয়া ফেলাই। অহন তো জানে ডর দিয়া যাইতাছে। এ কেমন আগুন? এক্কেরে কিয়ামত লইয়া আইছে!’ নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে গতকাল শুক্রবার এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান প্লাস্টিক কারখানার মালিক মোহাম্মদ সোলায়মান। এ আতঙ্ক ইসলামবাগের সোলায়মানের একার নয়, পুরান ঢাকার বহু হতবিহ্বল মানুষের মনেই নিশ্চয়ই এখন এ প্রশ্ন। ঘনবসতিপূর্ণ এ জনপদের অধিকাংশ এলাকায় আবাসিক ভবনেই গড়ে উঠেছে কারখানা, দোকান ও গুদাম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এর ফলে এসব ভবনে কখনো বৈদ্যুতিক গোলযোগ, গ্যাসসংযোগের ছিদ্র, আবার কখনো বাসিন্দাদের অসতর্কতায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পোস্তার বাসিন্দা ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘ছোট ছোট অগ্নিকাণ্ডের সঙ্গে পুরান ঢাকাবাসী সব সময়ই পরিচিত। ইসলামবাগে প্রতি মাসে আগুন লাগে। এটি এলাকার মানুষের কাছে নতুন নয়। তবে নিমতলীর ঘটনা সবাইকেই নাড়া দিয়েছে।’এক মাসের আগুন: জানা গেছে, নিমতলীর ঘটনার আগে গত ১৪ মে গ্যাসের সংযোগ লাইন থেকে ১৯ বকশীবাজারের আমির হোসেনের কারখানায়, ২০ মে আজিমপুর লালবাগ রোডের ১৬৯/২ নম্বর ভবনে, ৩ মে আজিমপুর সরকারি কলোনির ২০/বি নম্বর বাসায় আগুন লাগে। কামরাঙ্গীরচরে লোহার সেতু এলাকায় পর পর গত ৬, ৯ ও ১১ এপ্রিল প্লাস্টিক কারখানা থেকে আগুন লেগে অনেকগুলো টংঘর পুড়ে যায়। লালবাগের শুধু ইসলামবাগেই গত দুই মাসে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পলাশী দমকল কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, এটি শুধু পুরান ঢাকার তিন এলাকার মাত্র এক মাসের খণ্ডচিত্র। লালবাগ কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা মানিকুজ্জামান বলেন, ‘কয়েক মাসের তথ্য সংগ্রহ করলে দেখা যাবে শুধু লালবাগে অর্ধশতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’নিয়ম মানে না কেউ: স্থানীয় কোনো শিল্প-কারখানা দমকলের নির্দেশিত নিয়ম মানে না। যেকোনো দাহ্য বস্তুর ব্যবসা, গুদাম বা কারখানা করতে হলে দমকলের লাইসেন্স নিতে হয়। দমকলের লালবাগ কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা মানিকুজ্জামান বলেন, এই লাইসেন্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কোনো কল-কারখানা করা যাবে না। ছোট-মাঝারি কারখানায় দুই বালতি বালু ও পানি এবং অগ্নিনির্বাপক যন্ত্র থাকা বাধ্যতামূলক। এত বড় অগ্নিকাণ্ডের পরও গতকাল পুরান ঢাকার ইসলামবাগ, সিদ্দিকবাজার, আলুবাজার, সাতরওজা, নবাব কাটরা ও নিমতলীসহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় গিয়ে কোথাও দমকল বাহিনী নির্দেশিত প্রয়োজনীয় ব্যবস্থা দেখা যায়নি। লালবাগ বিদ্যুৎ উপকেন্দ্র থেকে জানা গেছে, শুধু লালবাগেই ২৪ হাজার ছোট, বড় ও মাঝারি শিল্প-কারখানা রয়েছে। অথচ দমকলের পরিদর্শক মোহাম্মদ ফখরুদ্দিন জানান, লালবাগে মাত্র ৬০০ কারখানার লাইসেন্স রয়েছে।এসব কারখানার অনেকগুলোতেই প্লাস্টিক দ্রব্য ও জুতা তৈরি হয়। কারখানার মালিকেরাই জানান, তাঁদের ব্যবহূত রাসায়নিক দ্রব্য খুবই দাহ্য এবং তা প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। আবাসিক ভবনে কারখানা: আলুবাজার ও সিদ্দিকবাজার জুতা ও স্যান্ডেল কারখানার জন্য প্রসিদ্ধ। তবে গত পাঁচ-ছয় বছরে এই প্লাস্টিকভিত্তিক শিল্পের বিস্তৃতি ঘটেছে আগামসিহ লেন, বাংলাদেশ মাঠ, নবাব কাটরা, সাতরওজা, নিমতলী থেকে একেবারে বকশীবাজার ও ইসলামবাগ পর্যন্ত। বকশীবাজার থেকে আলুবাজার পর্যন্ত সড়কের দুই দিকে শত শত বাড়িতে নিচতলায় দেখা যাবে কারখানা। এ কারখানার কোনোটিতেই অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ জানান, গত ১৩ এপ্রিল পুরান ঢাকার ৬০টি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়েছে। এসব ভবনের নিচে কারখানা ওপরে মানুষের বসবাস। এই ঘটনার ভয়াবহতা উল্লেখ করে এলাকায় প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে কর্ণপাত করছেন না। ৬৯ নম্বর ওয়ার্ড (নিমতলী যার অংশ) কাউন্সিলর মোহাম্মদ মোহন, সংলগ্ন ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদা মোর্শেদ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম একসুরে বলেন, এই বিষয়টি এলাকার একটি বড় সমস্যা। এর আগে কেউ এগুলোকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু নিমতলীর ঘটনা সবাইকে জানিয়ে দিচ্ছে, কী ভয়াবহ বিপদের মধ্যে পুরান ঢাকাবাসী বসবাস করছে।সরু গলি ও পানির সংকট: প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের পাশাপাশি রয়েছে আগুন নেভানোর বিপত্তি। দমকলের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি, আগুন নেভানোর কাজে ঝামেলাও বেশি। সরু গলির মধ্যে পানিবাহী গাড়ি নিয়ে ঢোকা যায় না। দমকল কর্মকর্তা মানিকুজ্জামান বলেন, তাঁদের গাড়ি থেকে মাত্র ২০ মিনিট পানি সরবরাহ করা যায়। আগুন নেভানোর জন্য পানির উৎস থাকা দরকার। কিন্তু ঢাকায় পুকুর, নদী কিংবা খাল কিছুই প্রায় আর নেই।