একই মাঠে গোল-উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের উত্তাপটা অবশেষে টের পেয়েছেন এলিস পেরি। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট ও ফুটবল দলে খেলে যাচ্ছিলেন চুটিয়ে। কিন্তু এই নির্মম পেশাদারির যুগে ‘ডাবল ইন্টারন্যাশনালদের’ (আন্তর্জাতিক অঙ্গনে দুটি খেলায় দেশকে প্রতিনিধিত্ব করা) ঠাঁই কোথায়! ফুটবল ক্লাব থেকে কদিন আগে পেরিকে বলা হলো যেকোনো একটি বেছে নিতে। ফুটবলার-সত্তাকে বিসর্জন দিয়ে ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ান বেছে নিয়েছেন ক্রিকেট। অথচ একসময় কিন্তু ‘ডাবল’ কেন, ‘ট্রিপল’, ‘কোয়াড্রপল’ ইন্টারন্যাশনালও ছিল! ছিল বর্ণময় সব চরিত্র।এই যেমন আলফ্রেড লাইটেলটন। ইংল্যান্ডের হয়ে ফুটবল ও ক্রিকেট দুটোই খেলা প্রথম খেলোয়াড় তিনি। ২৮ বছর বয়সেই আবার খেলার ভুবন ছেড়ে বেছে নিয়েছিলেন রাজনীতি। নির্বাচিত হয়েছেন হাউস অব কমনসে। তবে খেলার জগতে এমন এক কীর্তি গড়ে রেখেছেন, যা আর কেউ করতে পারেননি। কেউ পারবে না, সেটাও মোটামুটি নিশ্চিত। একমাত্র লাইটেলটনই একই মাঠে খেলেছেন টেস্ট ক্রিকেট আর আন্তর্জাতিক ফুটবল! আজ যেটি ইংলিশ ক্রিকেটের অন্যতম প্রতীক, সেই দ্য ওভালে একসময় ফুটবলও হতো। ১৮৭৭ সালের মার্চে ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে ১-৩ গোলে হারা ম্যাচে ইংল্যান্ডের একমাত্র গোলটি করেছিলেন লাইটেলটন। পরে সেই ওভালেই খেলেছেন ক্যারিয়ারের চার টেস্টের তিনটি। লাইটেলটনের বর্ণময় চরিত্রের আরেকটা প্রমাণ দেওয়া যেতে পারে। এমনিতে ছিলেন উইকেটকিপার। জীবনের শেষ টেস্টে হঠাৎ খেয়াল হলো, বোলিং করবেন। ডব্লু জি গ্রেসকে কিপিংয়ে পাঠিয়ে হাতে তুলে নিলেন বল। বিস্ময় এখানেও, জীবনের একমাত্র টেস্ট ইনিংসে ১২ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট! আরিফুল ইসলাম