একই মাসে নিরবের তিনটি ছবি
নিরবের জন্য ডিসেম্বর মাসটা আনন্দেরই বটে। জানা গেছে, এ মাসেই নিরব অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিগুলো হলো: মুশফিকুর রহমান গুলজারের আই লাভ ইউ, গাজী মাহাবুবের রাজা সূর্য খাঁ এবং আশরাফুল হক রিপনের তুমি আসবে বলে ভালোবাসবে বলে।নিরব বললেন, ‘অনেক দিন থেকেই চলচ্চিত্রে কাজ করছি। একসময় ছোটপর্দায় কাজ করেছি। ইদানীং নাটকে কাজের প্রস্তাব বেড়েই চলেছে, কিন্তু তার পরও সেদিকে পা বাড়াইনি। এত দিন শুধু চলচ্চিত্রে কাজের ফলাফল দেখার জন্য অপেক্ষা করেছি। এবার একটা বড় সুযোগ এসেছে—একই মাসে আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শক আমার ছবিগুলো ভালোভাবেই গ্রহণ করবেন।’নিরব জানান, আই লাভ ইউ ছবিতে তাঁর বিপরীতে আছেন রেসি, রাজা সূর্য খাঁ ছবিতে পূর্ণিমা এবং তুমি আসবে বলে ভালোবাসবে বলে ছবিতে নিপুণ।নিরবের ছবি তিনটির ফলাফল দেখার জন্য অপেক্ষা করছেন নির্মাতারাও। তাঁদের মতে, তিনটির মধ্যে যদি একটি ছবিও ব্যবসায়িক দিক থেকে সফল হয়, তাহলে নিরব এ যাত্রায় নিজের জন্য মজবুত অবস্থান তৈরি করতে পারবেন। কিন্তু এখন শুধু অপেক্ষার পালা।