একই র‌্যাম্পে ঢাকা ও কলকাতার শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক পরে আজ র‌্যাম্পে হাঁটবেন ঢাকা ও কলকাতার শিল্পীরা। ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে এই ফ্যাশন শোর আয়োজন করেছে দেশ টিভি। জানা গেছে, হোটেল র‌্যাডিসনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই ফ্যাশন শো শুরু হবে রাত পৌনে আটটায়। ঢাকা থেকে এই ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন নোবেল, তিশা, বিন্দু, মম, নওশীন, মীম ও অর্ষা। আর কলকাতা থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাউলি দাম। তাঁদের সঙ্গে আরও থাকছেন ঢাকার ২০ জন র‌্যাম্প মডেল। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল ও লকেট চ্যাটার্জি। অন্য দুজন আসছেন আজ সকালে। এই ফ্যাশন শোর সঙ্গে আরও থাকছে গানের অনুষ্ঠান। এখানে গান করবেন কলকাতার শিল্পী রূপঙ্কর।দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘ফ্যাশন শোতে অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাকগুলো নিলাম করা হবে। এই নিলাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে দেওয়া হবে।’অগ্নিমিত্রা পাল বলেন, ‘ঢাকায় এবারই প্রথম আমার নকশা করা পোশাক নিয়ে ফ্যাশন শো হচ্ছে। ভীষণ ভালো লাগছে। যেহেতু নিলাম হবে, তাই আমি ফ্যাশন শোর পোশাক নির্বাচনের ক্ষেত্রে শাড়িকে গুরুত্ব দিয়েছি। একটা দিনে আকাশের যে বিভিন্ন রং হয়, তা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পাশ্চাত্যের নকশা করা পোশাকও থাকবে।’লকেট চ্যাটার্জি জানালেন, এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত গোড়ায় গন্ডগোল ছবিটি। এ অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে পারেননি। তিনি বলেন, ‘কলকাতায় তো এ ধরনের ফ্যাশন শোতে আমি প্রায়ই অংশ নিই। তবে ঢাকাতে এবারই প্রথম। পোশাকগুলো আগেই দেখেছি। ডিজাইনগুলো দারুণ হয়েছে।’জানা গেছে, রাত পৌনে আটটা থেকে এই ফ্যাশন শো ও সংগীতানুষ্ঠান দেশ টিভিতে সরাসরি দেখানো হবে।