ঢাকা মহানগরের প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে যানজট। যানজট কমাতে নানা রকম উপায়ের কথা বলছেন নগর বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক শামিমুজ্জামান বসুনিয়া নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি ধারণাপত্র উপস্থাপন করেছেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আলী আসিফ।ঢাকায় থাকি: ঢাকার যানবাহন পরিকল্পনা নিয়ে আপনার ধারণার মূল বিষয় কোনটি?অধ্যাপক শামিমুজ্জামান বসুনিয়া: ঢাকা শহরের অবকাঠামোর যে অবস্থা, তাতে শহর নিয়ে বিশদ চিন্তাভাবনা করে সেটাকে বাস্তবায়ন করা কঠিন। আমি মূলত নগরের একটি করিডর নিয়ে কাজ করার চিন্তা করেছি। আমার পুরো ধারণা রেলপথ নিয়ে। যেসব স্থানে রেলপথ আছে, সেখানেই আমার এই ধারণা বাস্তবায়ন করা যাবে। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত এই রাস্তার যান-পরিকল্পনা করেছি আমি।ঢাকায় থাকি: রেলপথ নিয়ে এই পরিকল্পনার একটু বিশদ আলোচনা করবেন কী?ড. বসুনিয়া: ঢাকা সেনানিবাস স্টেশন থেকে বনানী স্টেশন—এই দুটি স্টেশনের পাশেই রয়েছে ব্যস্ততম বিমানবন্দর সড়ক। আমার পরিকল্পনা অনুযায়ী, সেনানিবাস থেকে বনানী পর্যন্ত রেলপথটা বসানো হবে মাটির নিচে। এখন যেখানে রেলপথ আছে, সেখানে তৈরি হবে রাস্তা। এই রাস্তার ওপর দিয়ে চলে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অর্থাৎ একটি জায়গায়ই মাটির নিচ দিয়ে চলবে রেল; সমতল দিয়ে চলবে লোকাল বাস এবং মাথার ওপর দিয়ে চলবে দূরপাল্লার যানবাহন। এভাবেই একটি ছোট্ট জায়গাকে বহুমুখী ব্যবহারের উপযোগী করার চিন্তা করেছি।ঢাকায় থাকি: যানজট কমাতে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি), এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলব্যবস্থাকে সমন্বয়ের এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়?ড. বসুনিয়া: আমার এই পরিকল্পনায় মাটির নিচে দুটি সাধারণ রেলপথ, যেখান দিয়ে লোকাল ও আন্তনগর রেলগাড়ি যাতায়াত করবে এবং দুটি দ্রুতগতির এমআরটি রেল চলার পথ থাকবে। মোট চার লেনের রেলপথ থাকবে মাটির নিচে। সমতলের সড়কে থাকবে আরও চার লেনের পথ। এ ছাড়া মাথার ওপর দিয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতেও চার লেন থাকবে। এটি বাস্তবায়ন করা গেলে রেললাইনের কোল ঘেঁষে চলা বিমানবন্দর সড়কটি একেবারেই যানজটমুক্ত হয়ে যাবে।ঢাকায় থাকি: রেলওয়ের জমিতে এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করার অর্থায়ন হবে কীভাবে?ড. বসুনিয়া: পুরো প্রকল্পটিই বাস্তবায়িত হবে সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে। এ ক্ষেত্রে সরকার রেলওয়ের জমি দিয়ে দেবে বেসরকারি ভবন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজ খরচে রেলপথকে মাটির নিচে নামাবে এবং সমতলে আরেকটি রাস্তা তৈরি করে দেবে। সরকার তখন সমতলের রাস্তার ওপর দিয়ে এলিভেডেট এক্সপ্রেসওয়ে তৈর করবে। মোট তিন স্তরবিশিষ্ট রাস্তার ওপর দিয়ে ভবন নির্মাতারা বহুতল ভবন নির্মাণ করবে।ঢাকায় থাকি: রাস্তার ওপর ভবন নির্মাণ বিষয়টি ঢাকা নগরের জন্য একেবারেই নতুন একটি ভাবনা হয়ে গেল না? এ বিষয়ে আরও একটু বিস্তারিত বলবেন কি?ড. বসুনিয়া: হতে পারে ধারণাটি নতুন। কিন্তু ঢাকা শহর নিয়ে এই ভাবনাটা কিন্তু প্রাসঙ্গিক। কারণ, বিভিন্ন সময়ে সরকারপ্রধানেরা স্কুলের কথা বলেন, হাসপাতালের কথা বলেন। কিন্তু সেগুলো নির্মাণের জন্য তো জায়গার প্রয়োজন, তাই না? আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, সরকার ইচ্ছে করলে বিমানবন্দর রেলস্টেশনের স্থানে একটি বহুতল হাসপাতাল নির্মাণ করতে পারবে, একইভাবে বনানী স্টেশনের স্থানে নির্মাণ করা যাবে বিলাসবহুল শপিং মল। আমি দেশের কয়েকটি সেরা নির্মাতা কোম্পানির সঙ্গে কথা বলেছি। সরকার চাইলে তারা অর্থায়ন করতে রাজি আছে।ঢাকায় থাকি: এবার আপনার ভাবনাটির কারিগরি বিষয়ে একটু বলুন।ড. বসুনিয়া: ২৫ ফুটের বেশি গভীরে নামানো হবে না রেলপথটি। দুই রেলপথের মাঝখানে ফাঁকা জায়গাসহ চারটি রেলপথ চওড়ায় হবে প্রায় ৭৪ ফুট। রেললাইনের চারপাশে থাকবে বক্স কালভার্ট। শক্তিশালী বক্স কালভার্টের ওপরেই নির্মাণ করা হবে রাস্তাটি। সমতল থেকে প্রায় ২০ ফুট ওপরে নির্মাণ করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।ঢাকায় থাকি: পরিকল্পনা বাস্তবায়নের জন্য নগরের কোনো অবকাঠামো বদলাতে হবে কি না?ড. বসুনিয়া: যেহেতু আমার পুরো পরিকল্পনাটিই বর্তমান রেললাইনকে ভিত্তি করে, তাই কোথাও কোনো অবকাঠামো বদলানোর দরকার নেই। তবে, কোথাও যদি ফ্লাইওভারের মতো অবকাঠামো থাকে, সে ক্ষেত্রে রেললাইনটিকে নিচে না নামিয়ে ওপর দিয়েও নেওয়া লাগতে পারে। এটা তো মাত্র একটি ধারণা। পুরো বিষয়টির চূড়ান্ত নকশা করা হলে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের সময় বোধহয় একটা রেললাইন বন্ধ রাখতে হবে। সে ক্ষেত্রে নগরবাসীকে কিছুটা ভোগান্তি পোহাতে হবে।ঢাকায় থাকি: নগরের পরিবেশ ও মাটির বৈশিষ্ট্য আপনার এই ধারণা বাস্তবায়নের জন্য কতটা উপযোগী?ড. বসুনিয়া: কেন উপযোগী হবে না? ঢাকায় কী ৩৮ তলা ভবন হচ্ছে না? একটি ৩৮ তলা ভবনের চেয়ে নিশ্চয়ই কয়েকটি রেলপথের ওজন বেশি নয়? এ ছাড়া পরিকল্পনাটিতে সবুজায়নও যুক্ত করা হয়েছে। তাই এটিকে আমি একটি পরিবেশবান্ধব পরিকল্পনাই বলব।ঢাকায় থাকি: আপনার ধারণাটি বাস্তবায়নে কত টাকা খরচ হতে পারে?ড. বসুনিয়া: পুরো ধারণা বাস্তবায়িত হবে আমাদের দেশি পণ্য, দেশি শ্রমিক আর দেশি যন্ত্রপাতি দিয়ে। এর জন্য কোনো বিদেশি পরামর্শকের প্রয়োজন নেই। তাই খরচটা তুলনামূলক কম হবে। সব মিলিয়ে খরচ হতে পারে ছয় হাজার কোটি টাকা। সরকার যেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে ব্যয় করছে আট হাজার ৭০৩ কোটি টাকা, সেখানে আমার এই ধারণাটিতে একই সঙ্গে আছে এমআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাই আশা করছি, সরকার আমার এই সাশ্রয়ী ধারণার আলোকে কোনো পরিকল্পনা হাতে নেবে।