বাংলাভিশনে আজ বিকেলে দেখানো হবে গান আর আড্ডা নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘মিউজিক টুগেদার’। অনুষ্ঠানের আজকের অতিথি শফিক তুহিন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো ছিলেন গীতিকার ও সুরকার। এখন গান গাইছেন। আজকের অনুষ্ঠানে কোন পরিচয়টি একটু বেশি গুরুত্ব পাবে?সব কটিই থাকবে। ইদানীং যেহেতু গানটা বেশি করছি, সংগীতশিল্পী হিসেবে দর্শক আমাকে বেশি চিনেছে; তাই এই পরিচয়টা গুরুত্ব পাওয়া স্বাভাবিক। সম্প্রতি আমার লেখা গীতিকবিতার আবৃত্তি নিয়ে অডিও অ্যালবাম বেরিয়েছে, এই প্রসঙ্গও থাকবে। গত বছর আপনার দুটি একক অ্যালবাম বেরিয়েছে—‘স্বপ্ন এবং তুমি’ ও ‘শফিক তুহিন ডটকম’। এবার শ্রোতারা আপনার কাছ থেকে কী পাচ্ছে?এবার একক অ্যালবাম করব না। ওটা রেখেছি আগামী ভালোবাসা দিবসের জন্য। এবার তিনটি মিশ্র অ্যালবামে গান করছি। একটি অ্যালবাম তৈরি হচ্ছে প্রিন্স মাহমুদের সুরে আর দ্বিতীয়টিতে পড়শির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করছি। তৃতীয়টির ব্যাপারে কিছু বলতে পারছি না। পুরো একটা বছর আপনি নতুন একক অ্যালবাম করছেন না?আমি চাচ্ছি না। কারণ, এ বছর এরই মধ্যে হাবিব ও হূদয় খানের অ্যালবাম বের হয়েছে। শুনছি আগামী ঈদে বালাম ও আরফিন রুমীর অ্যালবাম বের হবে। আসলে আমাদের বাজারটা তো খুব বড় না, আর আমিও প্রতিযোগিতা করতে চাচ্ছি না। নতুন একক অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন?আমি তো এ সময়ের সুরকারদের গান করেছি। এবার তাঁদের পাশাপাশি আলাউদ্দিন আলী, লাকি আকন্দ ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা গানও করব। বেশির ভাগ গান আমিই লিখব।যখন আপনার লেখা কোনো গান নিজের খুব পছন্দ হয়, তখন সেটা কী করেন?এখন অবশ্য একটু পক্ষপাতিত্ব হয়। ওটা নিজে গাওয়ার জন্য রেখে দিই। এটাই তো স্বাভাবিক!