একক ঋণ গ্রহীতার সীমা সমন্বয়ের সময় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে একক গ্রহীতার ঋণসীমা সমন্বয়ের সময় আরও বাড়াবে বাংলাদেশ ব্যাংক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ে পুঁজিবাজারবিষয়ক পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী এই তথ্য জানান। সুর চৌধুরী বলেন, বর্তমানে ২৫টি বাণিজ্যিক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ বিধান অনুসারে কোনো একক গ্রহীতাকে ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। সহযোগী প্রতিষ্ঠানগুলো পৃথক সত্তার প্রতিষ্ঠান হওয়ায় এ ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কিন্তু বেশ কিছু ব্যাংকের ক্ষেত্রে এই ঋণসীমা অতিক্রম করায় তাদের গত জুনের মধ্যে তা সমন্বয় করতে বলা হয়েছিল। কিন্তু শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরে সময় আরও বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। কিন্তু বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবি ও সরকারের ইচ্ছায় এই সময় আরও বাড়ানো হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।বাণিজ্যিক ব্যাংকগুলো মূলধনের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না—এই ধারা সংযোজন করে ব্যাংক কোম্পানি আইনে যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে, সংবাদ সম্মেলনে সে ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছেন সুর চৌধুরী। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের ২৬-এর ২ ধারায় এই সংশোধনী প্রস্তাব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব মহলের মতামত আহ্বান করা হয়েছে। এটি কেবল বাংলাদেশের ক্ষেত্রে নয়, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই নিয়ম রয়েছে। তবে আইন সংশোধনের বিষয়টি এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। জাতীয় সংসদে আইনটি পাস হয়ে আসার আগে সরকারি পর্যায়ে এ ব্যাপারে আলোচনা হতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তা ছাড়া আইন সংশোধনের প্রস্তাবটি আদৌ বাস্তবায়ন হবে কি না, তা-ও নিশ্চিত নয়। তাই এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তার মোট দায় বা আমানতের ১০ শতাংশ পর্যন্ত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। একক গ্রহীতার ঋণসীমা সমন্বয়ে কত দিন সময় বাড়ানো হবে—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ৩১ ডিসেম্বর এখনো শেষ হয়নি। তাই এটি এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এ ব্যাপারে এখনই প্রজ্ঞাপন জারি করা হবে কি না, তা-ও বলা যাচ্ছে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ঠিক রেখে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে যা কিছু প্রয়োজন, বাংলাদেশ ব্যাংক তা-ই করবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ। এর আগে সকালে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, এ সালাম সিকদার ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব নাসিরউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে সাইফুর রহমান জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতার কথা বিবেচনা করে বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে লেনদেন নিষ্পত্তির সময় কমানোর বিষয়টি অন্যতম। তিনি জানান, বৈঠকে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে লেনদেন নিষ্পত্তির সময় চার দিন (টি+৩) থেকে কমিয়ে তিন দিন (টি+২) করার প্রস্তাব করা হয়েছে। এসইসি প্রস্তাবটি সক্রিয় বিবেচনার আশ্বাস দিয়েছে।এ ছাড়া বৈঠকে শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা (মানি নেটিং) চালু, সিডিবিএল মাশুল কমানো, ব্রোকারেজ হাউসের ব্রাঞ্চ বা শাখা, উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ ও জীবনবিমা কোম্পানিগুলোর মজুদ তহবিল পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে। শাকিল রিজভী বলেন, লেনদেনের ওপর করের হার বাড়ানোয় বিনিয়োগকারীদের খরচ বেড়ে গেছে, যা লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই লেনদেন কর কমাতে সরকারের কাছে দাবি জানান তিনি।