একটি সিদ্ধান্ত কিছুটা হলেও পাল্টে দিল দেশের শেয়ারবাজারের চিত্র। দরপতনের ধারা থেকে বেরিয়ে এল শেয়ারবাজার। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার দুপুরে এক নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারকেন্দ্রিক সহযোগী প্রতিষ্ঠানকে একক গ্রাহক হিসেবে প্রদত্ত ঋণের সীমা সমন্বয়ের সময় এক বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য পুঁজিবাজারের বিনিয়োগের সীমা সমন্বয়ের সময়ও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। অবশ্য দুটি ক্ষেত্রেই বেশি বিনিয়োগ থাকলে নতুন বিনিয়োগ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে গতকাল এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে দরপতনের ধারার বিপরীতে বাড়তে শুরু করে শেয়ারের দাম। এর আগে গতকাল সকালে দরপতন দিয়েই শুরু হয়েছিল দেশের শেয়ারবাজারের লেনদেন। আগের দিনগুলোর ধারাবাহিকতায় এদিনও দরপতন ঘটলে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে রাজধানীর মতিঝিলে। এ সময় বিনিয়োগকারীদের একটি অংশ সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, গাড়িসহ বিভিন্ন বাণিজ্যিক ভবনের কাচ ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ১০ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন—বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ, সহসভাপতি কাজী নজরুল, ক্ষুদ্র বিনিয়োগকারী আবদুল্লাহ, মিজানুর রহমান, শরফরাজ হোসেন, জাহাঙ্গীর ইকবাল, মাসুদ, আবদুল্লাহ আল মামুন ও খায়রুজ্জামান।মতিঝিল অঞ্চলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (এডিসি) ফারুকুল হক বলেন, গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, লেনদেন শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় জড়ো হতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে তাঁরা কাঠখড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী মতিঝিলের মধুমিতা ভবনে অবস্থিত ডিএসই ট্রেনিং একাডেমির নামফলক ও ওই ভবনের বিভিন্ন তলায় রাখা ফুলের টব ভাঙচুর করেন। আরেক দল বিনিয়োগকারী ডিএসইর বর্ধিত ভবনে ঢুকে র্যাপিড সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউসের দরজার কাচ ও ভবনের অষ্টম তলায় ডিএসই পাঠাগারের সামনের অভ্যর্থনা টেবিলে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে মিছিল করতে থাকেন। মিছিলে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে বিনিয়োগকারীদের একটি মিছিল শাপলা চত্বর থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যাওয়ার সময় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি বাস ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। পরে তাঁরা অগ্রণী ব্যাংক ভবনের সামনে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মিজান-উর-রশিদ চৌধুরীসহ পাঁচজনকে আটক করে। বেলা দুইটার দিকে ডিএসইর সামনে থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, অব্যাহত দরপতনের প্রতিবাদে দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফেনীতেও বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।বাজার পরিস্থিতি: দুপুর দুইটার কিছু আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারির খবর গণমাধ্যমের মাধ্যমে পৌঁছে যায় বিনিয়োগকারীদের কাছে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পতনমুখী সাধারণ মূল্যসূচক মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে এক লাফে ৮০ পয়েন্টের বেশি বেড়ে যায়। অবশ্য দিনশেষে তা ৪০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ৫১৪ পয়েন্ট। বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের নির্ধারিত সময় ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর। এ বাধ্যবাধকতার কারণে অনেক প্রতিষ্ঠানই নতুন করে বিনিয়োগে সক্রিয় হতে পারছিল না। উল্টো তাদের ঋণ সমন্বয়ের জন্য শেয়ার বিক্রি করতে হচ্ছিল। প্রতিষ্ঠানগুলোও বাজারের সাম্প্রতিক দরপতনের জন্য এটিকে অন্যতম কারণ হিসেবে দেখিয়ে আসছিল। তাই সংশ্লিষ্টদের দাবির মুখে ঋণসীমা সমন্বয়ের মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ বর্ধিত সময়ের মধ্যে কোনো ব্যাংক বর্তমান ঋণস্থিতি বাড়াতে পারবে না। এ ধরনের উদ্যোগ দিয়ে বাজারের স্থিতিশীলতা কত দিন ধরে রাখা যাবে, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে অস্থিতিশীলতা কমবে না।