একক ছাড়পত্রের জন্য বিএমইটিতে আরও সাত ডেস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে সাতটি কাউন্টার করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বায়রার জনশক্তি রপ্তানিসংক্রান্ত কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের শুরুর দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। বিএমইটির পরিচালক (অভিবাসন ও নিরাপত্তা) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর বহির্গমন ছাড়পত্রের জন্য আগের মতো নির্ধারিত দেশভিত্তিক কাউন্টার থাকবে। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে একক বহির্গমন ছাড়পত্রের জন্য ওয়ান স্টপ সার্ভিসের পাশাপাশি ব্যুরোর নিচতলায় নতুন সাতটি ডেস্ক ও কাউন্টার করা হয়েছে। এসব কাউন্টারেও কাগজপত্র জমা দিয়ে বহির্গমন ছাড়পত্র নেওয়া যাবে। বিএমইটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যান, তাঁদের বেশির ভাগই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একক ভিসায় বিদেশে যান। আত্মীয়স্বজনের মাধ্যমে তাঁরা এসব ভিসা আনেন। তবে এত দিন পর্যন্ত কোনো একটি রিক্রুটিং এজেন্সির সহায়তায় তাঁদের বহির্গমন ছাড়পত্র নিতে হতো। রিক্রুটিং এজেন্সিগুলো সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের যেন ছাড়পত্র পেতে কোনো সমস্যা না হয় সে জন্যই নতুন সাতটি কাউন্টার করা হলো। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে সব ধরনের জনশক্তি রপ্তানিসংক্রান্ত কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বায়রা। তবে আজ প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এতে জনশক্তি রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।