একক প্রার্থী দিতে জোর প্রচেষ্টা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় চার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছেন। আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ মে নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগেই একক প্রার্থী নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির নেতারা জানিয়েছেন, রাজশাহী সমস্যার সমাধান অনেকটাই হয়েছে। খুলনায়ও মিটে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করছেন। তবে সিলেট ও বরিশাল নিয়ে সমাধানের পথে এগোনো যায়নি। নেতারা বলেছেন, সব সিটি বিএনপির নেতাকে নিয়ে গুলশানে বিএনপির কার্যালয়ে বৈঠক হয়েছে। ২৬ মে পর্যন্ত কেন্দ্রের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত হলো, সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তবে দলের নেতারা অংশ নিচ্ছেন। সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দলটি এই চার সিটি নির্বাচনের সব ধরনের প্রক্রিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কেন্দ্রে দায়িত্বশীল কোনো নেতাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তাই একক প্রার্থী নির্ধারণে বিএনপির চেয়ারপারসন সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারছেন না। তিনি নেতাদের মাধ্যমে দিকনির্দেশনা দিচ্ছেন। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া পরোক্ষভাবে নির্বাচনে হস্তক্ষেপ করার পর ইতিমধ্যে রাজশাহীতে বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাই বিএনপির একক প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন। তবে সেখানে ১৮-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর একজন প্রার্থী থাকায় তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী বিএনপির প্রধান দুই প্রতিপক্ষ মিজানুর রহমান ও নাদিম মোস্তফার কর্মী-সমর্থকেরা দলীয় নেতার পক্ষে কাজ করছেন বলে বিএনপি দাবি করেছে। খুলনা সিটির মেয়র পদে স্থানীয় বিএনপি ও ১৮-দলীয় জোট জাতীয়তাবাদী নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী হওয়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে সমর্থন দিয়েছে। তবে সেখানে বিএনপির নেতা এম এম শফিকুল আলম ও সেকান্দার জাফর উল্লাহ খান প্রার্থী হওয়ায় এখনো একক প্রার্থী নির্ধারণ করা যায়নি।সিলেটে বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগরের সহসভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান ও জামায়াতের মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের (কারাবন্দী)। একক প্রার্থী রাখার জন্য এবং চারজনকে বসিয়ে দেওয়া নিয়ে জোটে আলোচনা চলছে। গত সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দলের চার প্রার্থীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সিলেটের সমস্যা সমাধানের জন্য চার প্রার্থীকে ঢাকায় আসতে বলা হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। আজ-কালের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বরিশালে বিএনপির তিনজন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিএনপির জেলা সভাপতি আহসান হাবিব কামাল, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক ও কমিটির নগর সাধারণ সম্পাদক কামরুল হাসান। সেখানকার নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় দুই দফা বৈঠক করেছেন। তবে কোনো সমাধান হয়নি।